
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিয়ে মানেই সাজ, আর তারকাদের বিয়ে মানেই আভিজাত্যের এক অনন্য প্রদর্শনী। ঠিক তেমনই চর্চার শীর্ষে এখন দক্ষিণী তারকাজুটি বিজয়-রশ্মিকা-র রাজকীয় বিয়ে। পোশাক থেকে গয়না—সব কিছুতেই ছিল ঐতিহ্য ও বিলাসিতার মেলবন্ধন। বিশেষ করে গয়নাগাটির পরিমাণ ও নকশা নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা। জানা গিয়েছে, হায়দরাবাদের প্রসিদ্ধ ‘শ্রী জুয়েলার্সে’র -এর হাতে তৈরি বিশেষ গয়নাতেই সেজেছিলেন নবদম্পতি। দাক্ষিণাত্যের মন্দিরশৈলী ও ঐতিহ্যবাহী কারুকাজে ফুটে উঠেছে প্রতিটি অলঙ্কারে রাজসিক আভা।
রশ্মিকার সাজে ছিল ঐতিহ্যের গভীর ছোঁয়া। রশ্মিকার গলায় কাসু মালা। যার বৃহত্তম লকেটে দেবী লক্ষ্মীর মূর্তি খোদাই করা। গলা থেকে নাভি পর্যন্ত ললন্তিকার স্টাইলে এই হার দক্ষিণী ঐতিহ্যকে বহন করে।তার সঙ্গে কল্কা নকশার একাধিক ছোট লকেট, মটরদানা ডিজাইনের হার—সব মিলিয়ে অনন্য ঐতিহ্যবাহী লুক। মাথায় টায়রা ও টিকলি, কানে ভারী দুল, কোমরে কোমরবন্ধ, হাতে সোনার চুড়ি-বালা ও একাধিক আংটি—প্রতিটি গয়নায় ছিল মন্দির ও বিগ্রহের সূক্ষ্ম কারুকাজ। সব মিলিয়ে প্রায় ১.৫ থেকে ২ কেজি সোনা পরেছিলেন অভিনেত্রী। অন্যদিকে বিজয়ের সাজেও ছিল ঐতিহ্য ও আভিজাত্যের মেলবন্ধন। লাল উত্তরীয় ও সাদা সিল্কের ধুতি তাঁর লুকে এনেছিল রাজকীয় ঔজ্জ্বল্য। গলায়, হাতে ও কোমরে সোনার অলঙ্কার, কবজিতে বিশেষ নকশার গয়না—সব মিলিয়ে আধ কেজির বেশি সোনা ধারণ করেছিলেন তিনি। মেহেন্দির বদলে হাত-পায়ে আলতার ব্যবহারও নজর কাড়ে অনুরাগীমহলে।

প্রায় ১০ মাস সময় নিয়ে তৈরি হয়েছিল এই বিশেষ গয়নাসম্ভার। বর্তমান সোনার বাজারদর অনুযায়ী, নবদম্পতির মোট গয়নার আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি টাকা। সব মিলিয়ে এই বিয়ে শুধু সম্পর্কের বন্ধন নয়, আভিজাত্য ও ঐতিহ্যের এক দৃষ্টিনন্দন উপস্থাপন হিসেবেই জায়গা করে নিয়েছে আলোচনার শীর্ষে।
