
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জনপ্রিয় গায়িকা-ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী। এহেন ঘটনার পর কেটে গিয়েছে প্রায় দেড় মাস। শারীরিক ও মানসিক ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন গায়িকা-ইনফ্লুয়েন্সার দেবলীনা। হাসপাতাল থেকে ফেরার পর থেকেই নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা শুরু করেছেন তিনি। একের পর এক শো করছেন, মঞ্চে ফিরছেন আগের ছন্দে। তবে তাঁর সাম্প্রতিক ভিডিও কিংবা প্রকাশ্যে কোথাও আর শোনা যাচ্ছে না স্বামী প্রবাহ নন্দীর প্রসঙ্গ। থাকছেনও আলাদা। আর তাতেই জোরালো হয়েছে তাঁদের সম্পর্ক ভাঙনের জল্পনা।
চলতি বছরের শুরুতে ব্যক্তিগত জীবনের অশান্তির কারণেই মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছিলেন দেবলীনা। সেই খবর সামনে আসতেই তোলপাড় পড়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে। জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সারের আত্মঘাতী হওয়ার চেষ্টার ঘটনায় উদ্বেগ ছড়ায় অনুরাগীদের মধ্যে। পরে একটি ভিডিও বার্তায় দেবলীনা জানান,“আমি অনেকবার ভেবেছি সব ঠিক হয়ে যাবে। হয়তো চরম সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। একাধিকবার মনেও হয়েছিল স্বামী প্রবাহর সঙ্গে যোগাযোগ করার কথা। কিন্তু আমি জানতাম, কোনও উত্তর আসবে না। চোখ বুজে আসছিল…।” তারপর কেটে গিয়েছে প্রায় দেড়মাস। এই ঘটনা নিয়ে একটি শব্দও বলেননি দেবলীনার স্বামী প্রবাহ নন্দী।

অপরদিকে হাসপাতাল থেকে ফেরার পর দেবলীনা আলাদা থাকতে শুরু করেছেন। নিজের একটি বাড়িও কিনেছেন বলে জানা গিয়েছে। নতুন করে কাজ শুরু করে জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন তিনি। তবে অনুরাগীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— দেবলীনা ও প্রবাহের সম্পর্কের বর্তমান অবস্থান ঠিক কী? ফের কি এক হবে চার হাত, নাকি এই অধ্যায়ে ইতি টানবেন গায়িকা? এই জল্পনার মধ্যেই সামনে এসেছে নতুন তথ্য। জানা যাচ্ছে, বিচ্ছেদের মামলা না করলেও স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন দেবলীনা। সোনারপুর থানায় তাঁর এই অভিযোগ জমা পড়েছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযোগের ভিত্তিতে প্রবাহকে তলব করা হয়েছিল। খবর, তিনি সপরিবারে থানায় হাজিরাও দিয়েছেন। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছে নন্দী পরিবার— এমনটাই জানানো হয়েছে পুলিশ সূত্রে। তবে এখনও পর্যন্ত মামলা আদালতে ওঠেনি।
এই বিষয়ে দেবলীনা কিংবা তাঁর মা প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নীরব রয়েছেন দু’পক্ষই। ফলে জল্পনা আরও ঘনীভূত হচ্ছে। একদিকে মঞ্চে ফেরার প্রস্তুতি, অন্যদিকে ব্যক্তিগত জীবনের আইনি লড়াই— দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে নতুন করে জীবন গড়ার চেষ্টা করছেন দেবলীনা নন্দী। তাঁর অনুরাগীরা এখন অপেক্ষায়, এই অশান্ত অধ্যায়ের শেষ কোথায় গিয়ে থামে এবং কোন পথে এগোয় গায়িকার ব্যক্তিগত জীবন।

