
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কেশসজ্জা নিয়ে সামান্য ভুলই কখনও কখনও বড় আইনি লড়াইয়ের কারণ হতে পারে—তারই নজির তৈরি হয়েছিল ২০১৮ সালে। দিল্লির অভিজাত পাঁচতারা আইটিসি মৌর্য হোটেলে চুল কাটাতে গিয়ে বিপাকে পড়েন এক তরুণী মডেল। চার ইঞ্চি চুল ছাঁটতে বললেও অভিযোগ, তার চেয়ে অনেক বেশি চুল কেটে দেওয়া হয় ভুলবশত। আর সেই ঘটনাকেই কেন্দ্র করে শুরু হয় আইনি লড়াই।
মডেল আশা রায়ের দাবি, একটি গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টের আগে তিনি চুল কাটাতে গিয়েছিলেন। নির্দিষ্ট করে মাত্র চার ইঞ্চি কাটার অনুরোধ করেছিলেন। কিন্তু হেয়ার স্টাইলিস্টের ভুলে তাঁর চুল অনেকটাই ছোট হয়ে যায়, যা তাঁর পেশাগত জীবনে বড় প্রভাব ফেলে বলে অভিযোগ। কেরিয়ারে ধাক্কা লাগার কথা উল্লেখ করে তিনি ন্যাশনাল কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন (এনসিডিআরসি)-এর দ্বারস্থ হন। এনসিডিআরসি তাঁর অভিযোগে সাড়া দিয়ে হোটেল কর্তৃপক্ষকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। তবে পরে বিষয়টি সুপ্রিম কোর্টে গড়ায়। সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করে জানায়, কেশবিভ্রাটের কারণে কেরিয়ারে ভরাডুবির নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেননি অভিযোগকারী। সেই কারণে ক্ষতিপূরণের অঙ্ক কমিয়ে ২ কোটি টাকা থেকে ২৫ লক্ষ টাকায় নামিয়ে আনা হয়।
ঘটনার পর হোটেল কর্তৃপক্ষ তরুণীকে বিশেষ হেয়ার ট্রিটমেন্টের প্রস্তাব দিয়েছিল বলেও জানা যায়। কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে আইনের আশ্রয়ই নেন তিনি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ে মেলে চূড়ান্ত নিষ্পত্তি। এই ঘটনা আবারও মনে করিয়ে দিল—ব্যক্তিগত পরিচর্যার ক্ষেত্রেও পরিষেবার গাফিলতি বড় আইনি প্রশ্নের জন্ম দিতে পারে।
