
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রিয় শিল্পীর গান শুনতে এসে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছিল এক খুদে ভক্ত। পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সে, আর কনসার্টের বিপুল ভিড়ে মুহূর্তের মধ্যেই তৈরি হয় আতঙ্ক। তবে মঞ্চে যিনি ছিলেন, তিনি শুধু গায়ক নন—মানবিকতারও এক উজ্জ্বল উদাহরণ। কর্ণাটকের হুবলিতে আয়োজিত কনসার্টে হারিয়ে যাওয়া সেই শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন সোনু নিগম।
সম্প্রতি হুবলিতে প্রায় ৩০ হাজার দর্শকের সামনে জমজমাট কনসার্ট করছিলেন সোনু নিগম। একের পর এক হিট গানে মেতেছিল গোটা প্রেক্ষাগৃহ। সেই উত্তেজনার মাঝেই আচমকা পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে শ্রী সাই নামের এক খুদে ভক্ত। পরিস্থিতি বুঝে উদ্যোক্তারা শিশুটিকে মঞ্চের সামনে নিয়ে আসেন। গান গাইতে গাইতেই মঞ্চের এক পাশে ফ্যাকাসে মুখে দাঁড়িয়ে থাকা শিশুটির দিকে নজর যায় সোনু নিগমের। গান থামাননি তিনি, বরং সুরের মধ্যেই শুরু করেন খোঁজ। মাইক্রোফোনে গানের ঢংয়েই তিনি বলেন, “শ্রী সাই চলে এসো। কোথায় মা-বাবা? তাড়াতাড়ি এসে ওকে নিয়ে যান। বাবা-মা তোমাকে ছাড়াই মজা করছে, জানো?” তখন শিশুটি জানায়, সে মা-বাবার সঙ্গে নয়, কাকার সঙ্গে এসেছে। সঙ্গে সঙ্গেই সোনু নিগম ফের গানের সুরেই ডাক দেন— “কাকা, আপনি কি কাকিমার সঙ্গে মজে?” এই কথায় হাসির রোল উঠলেও বার্তাটা পৌঁছে যায় ঠিক জায়গায়। অল্প সময়ের মধ্যেই মঞ্চের সামনে হাজির হন ওই কাকা। তবে দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে তাঁকেও হালকা ভর্ৎসনা করতে ছাড়েননি শিল্পী। সোনু নিগম বলেন, “দাদা, তোমাকে বাচ্চার দায়িত্ব দেওয়া হয়েছিল, আর তুমি এসব করছো?” রসিকতার আড়ালে ছিল স্পষ্ট বার্তা—ভিড়ের মধ্যে শিশুদের প্রতি দায়িত্বহীনতা একেবারেই অগ্রহণযোগ্য।
শেষ পর্যন্ত নিরাপদেই পরিবারের হাতে তুলে দেওয়া হয় শ্রী সাইকে। গোটা ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের একাংশের কথায়, “মঞ্চে দাঁড়িয়ে শুধু গান নয়, তাৎক্ষণিক মানবিক সিদ্ধান্ত নিয়েও যে এমন বিপদ সামলানো যায়, সেটাই দেখিয়ে দিলেন সোনু নিগম।” এক কথায়, সেদিন কনসার্টে শুধু সুর নয়, মানবিকতারও জয়গান শোনা গেল।
