
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চারদিকে ঘটে চলা ঘটনাপ্রবাহ, বিশেষ করে সাধারণ মানুষের দুর্দশা ও যন্ত্রণা যদি হৃদয়ের গভীরে না ছোঁয়, তবে সৃষ্টিশীলতার জন্ম হয় না। সংবেদনশীল মানুষ সেই বেদনা অনুভব করেন অন্তর থেকে, আর তা প্রকাশ পায় নানা রূপে—কখনও শব্দ ও অক্ষরের বিন্যাসে, কখনও বা রং-তুলির স্পর্শে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে বর্তমানে বাংলায় যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রতিবাদে রাজনীতির বাইরে থাকা বহু সৃষ্টিশীল মানুষও নিজেদের মতো করে সরব হয়েছেন। তবে এবার মানুষের কণ্ঠস্বর হয়ে শুধু রাজনৈতিক আন্দোলনেই নয়, কলমের শক্তিতেও প্রতিবাদ জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এসআইআর ইস্যুকে কেন্দ্র করে তাঁর লেখা কবিতায় ফুটে উঠেছে সাধারণ মানুষের উপর শাসকের দমন-পীড়নের ছবি। কবিতার প্রতিটি পঙ্ক্তিতে প্রতিফলিত হয়েছে প্রতিবাদ ও অস্বীকারের ভাষা। সেই কবিতার নাম— ‘আমি অস্বীকার করি’।
কবিতার শুরুর কয়েকটি লাইন এরকম – ‘আমি অস্বীকার করি – এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজত্ব।/ আমি অস্বীকার করি – রাষ্ট্রের নামে রক্তের ঋণ, আমি অস্বীকার করি – রক্তের উপর কালির শাসন।’ প্রতিটি শব্দ, কথাতেই সাম্প্রতিক এসআইআর পরিস্থিতির ভয়াবহতা, যন্ত্রণার প্রতিফলন। অভিষেকের কবিতায় উঠে এসেছে এসআইআর প্রক্রিয়ার মাঝে জনতার উপর চাপিয়ে দেওয়া নিয়মাবলির প্রতিবাদ।
এখনও পর্যন্ত এই কাজে ১৫০ মানুষের মৃত্যু হয়েছে। সেই সংখ্যা উল্লেখ করে অভিষেকের (Abhishek Banerjee) দাবি, ‘এটা শুধু সংখ্যা নয়, এ রাষ্ট্রের লাগানো আগুনে মানুষের চিৎকার।’ এসআইআর পদ্ধতির সারবত্তাহীনতাকে নিশানা করে তিনি লিখেছেন, ‘রাষ্ট্রের খাতায় ঠাঁই পায় প্রাণের বদলে পরিসংখ্যান/শাসকের বুটের তলায় পিষে যায় বিবেক, সত্য আর সম্মান।’
ইতিহাসের কথা মনে করিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কবিতায় উঠে এসেছে, ‘আর ইতিহাস/ সে ক্ষমা করে না, সে তালিকা পড়ে না/ইতিহাস মনে রাখে কে রুখেছিল, কে লড়াই করেছিল/কে দাঁড়িয়েছিল, কে আগুন জ্বালিয়েছিল! যে মানুষকে তুচ্ছ করে ইতিহাস তাকে কখনো ক্ষমা করে না।’ অভিষেকের দীর্ঘ কবিতায় যেভাবে এসআইআর পরিস্থিতির যন্ত্রণার কথা উঠে এসেছে, তাতে আরও স্পষ্ট, পথে প্রতিবাদ কিংবা কলমে বিদ্রোহ – সর্বশক্তি দিয়ে এর বিরোধিতায় সুর চড়াচ্ছে তৃণমূল। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের (SIR in West Bengal) প্রতিবাদে ২৬টি কবিতা লিখেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
