
লিভারপুল, ১২ ফেব্রুয়ারি : প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে লিভারপুল সান্ডারল্যান্ডের বিরুদ্ধে। ম্যাচ জুড়ে আক্রমণে আধিপত্য ছিল লিভারপুলের। বিরতির পর দেখা মিলল গোলের। সেই একমাত্র গোলটিই গড়ে দিল ব্যবধান। গোলটি করেছেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে তার গোল হল সব মিলিয়ে ২৩টি। প্রিমিয়ার লিগে সবশেষ আট ম্যাচে দ্বিতীয় জয় পেল আর্না স্লটের দল। ২৬ ম্যাচে ১২ জয় ও ৬ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে লিভারপুল। ৩৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে সান্ডারল্যান্ড। আরেক ম্যাচে ফুলহ্যামকে ৩-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল, একটি ম্যাচ কম খেলেছে তারা।
