Entertainment

3 years ago

KIFF 2022 : মেসির দেশের ছবি জিতল কেআইএফএফ ২০২২ পুরষ্কার

Messi's Country Picture Wins KIFF 2022 Award
Messi's Country Picture Wins KIFF 2022 Award

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্ব মঞ্চে ফুটবলে বিশ্ব সেরার খেতাব জয় করেছে আর্জেন্টিনা , এবার কলকাতা থেকে ও খেতাব জয় করলেন আর্জেন্টিনার পরিচালক ভিরনা মোলিনা। দেশের ফুটবল জার্সি গায়ে পুরস্কার নিতে মঞ্চে উঠলেন মোলিনা। অন্য দিকে, ইরানের পরিচালক নাহিদ হাসানজাদে তাঁর পুরস্কার উৎসর্গ করলেন সে দেশের নারী স্বাধীনতার জন্য লড়তে থাকা অগণিত মানুষকে।  

বৃহস্পতিবার রবীন্দ্র সদনে ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান এ রকমই কিছু দুর্লভ মুহূর্তের সাক্ষী থাকল। শুধু তা-ই নয়, ‘ইনোভেশন ইন মুভিং ইমেজেস’ বিভাগে সেরা হিসাবে এই প্রথম দু’টি ছবির নাম ঘোষিত হল। 

আন্তর্জাতিক ছবি বিভাগে সেরা হিসাবে নির্বাচিত ‘আপ অন এন্ট্রি’ (স্পেন) এবং ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ (বাংলাদেশ)। স্প্যানিশ ছবিটির পরিচালকদ্বয় ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। অন্য দিকে, গোল্ডেন রয়্যাল বেঙ্গল ট্রফি হাতে বাংলাদেশের পরিচালক মহম্মদ কাইয়ুম বলেন, ‘‘চার বছর ধরে এত কষ্ট করে তৈরি করা ছবি যে পুরস্কৃত হবে তা স্বপ্নেও ভাবিনি।’’ 

আর্জেন্টিনার ‘হিটলার’স উইচ’ ছবিটির জন্য আন্তর্জাতিক ছবি বিভাগে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন দুই পরিচালক আর্নেস্তো আরদিতো এবং ভিরনা মোলিনা। ভিরনার পরনে আর্জেন্টিনার জার্সি দেখে প্রেক্ষাগৃহ করতালিতে ফেটে পড়ে। পরিচালক ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন, ‘‘তৃতীয় বিশ্বের দেশ হিসাবে আজ আর্জেন্টিনা লড়াই করছে। বিশ্বকাপ জেতা আমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, ততটাই এই পুরস্কার।’’ 

উল্লেখ্য, চলচ্চিত্র উৎসবে সেরা তথ্যচিত্র হিসেবে নির্বাচিত হয় নেহা শর্মা পরিচালিত ‘নিব্রিম দি আন সেটেল্ড শেড’। সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবি হিসেবে নির্বাচিত হয়েছে প্রত্যয় সাহা পরিচালিত ‘ম্যায় মেহমুদ’। এই বিভাগেই জুরি পুরস্কার জিতে নিয়েছে দু’টি ছবি— নাবাপান ডেকার ‘ভয়েড’ এবং প্রসেনজিৎ চৌধুরী পরিচালিত ‘হাতের স্পর্শ’। এ বছর নেটপ্যাক পুরস্কার জিতে নিল মুহিদ্দিন মুজফ্ফর পরিচালিত তাজাকিস্তানের ছবি ‘ফরচুন’।

You might also like!