
মুম্বই, ১৩ জানুয়ারি : প্রয়াত হলেন চিত্রনাট্যকার সঞ্জয় চৌহান। বৃহস্পতিবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। শুক্রবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ মুম্বাইয়ের ওশিওয়ারা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিসে ভুগছিলেন তিনি। সঞ্জয় চৌহান পান সিং তোমার এবং আই অ্যাম কালামের মতো একাধিক সুপারহিট চলচ্চিত্রের চিত্রনাট্যকর ছিলেন। এছাড়াও তিনি চলচ্চিত্র নির্মাতা তিগমাংশু ধুলিয়ার ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’ চলচ্চিত্রের সহ-লেখক ছিলেন। লেখালেখির জন্যে তিনি বেশ খ্যাত ছিলেন। অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং জ্ঞান হারানোর কারণে প্রায় ১০ দিন ধরে তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। ব্যক্তিগত জীবনে লেখক এক কন্যা সন্তানের পিতা। পরিবারে তাঁর স্ত্রী সরিতাও রয়েছেন। ১৩ জানুয়ারি দুপুর সাড়ে ১২ টা নাগাদ মুম্বাইয়ের ওশিওয়ারা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।সঞ্জয়ের ভাল বন্ধু তথা চলচ্চিত্র নির্মাতা অবিনাশ দাস একটি দীর্ঘ পোস্টে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।
সঞ্জয় চৌহানের জন্ম ও বেড়ে ওঠা ভোপালে। প্রথম জীবনে দিল্লিতে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে, তিনি মুম্বইতে চলে আসেন। ১৯৯০ এর শেষদিকে ক্রাইম টিভি সিরিজ ভানওয়ার লেখেন। ‘I Am Kaalam’-চলচ্চিত্রে সেরা গল্পের জন্যে ফিল্ম ফেয়ার পুরস্কারও পেয়েছিলেন সঞ্জয়। এছাড়া তাঁর কাজগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল, “ম্যায় গান্ধী কো নাহি মারা” ছবিটির সংলাপ।
