
কলকাতা, ২৯ অক্টোবর : “বেঁচে আছি, সশরীরে আছি। এখনও মিস্টার ইন্ডিয়া হয়ে যাইনি, ভ্যানিশ হয়ে যাইনি।” বিধায়ক কাঞ্চন মল্লিকের খোঁজ চেয়ে উত্তরপাড়ায় 'নিখোঁজ' পোস্টার পড়ায় এমনই প্রতিক্রিয়া জানালেন উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। শনিবার উত্তরপাড়ার কোতরং এলাকায় কাঞ্চনের নাম এবং ছবি দিয়ে কিছু পোস্টার দেখতে পাওয়া যায়। তাতে লেখা ছিল, ‘নিখোঁজ— উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের সন্ধান চাই’। এবিষয়ে উত্তরপাড়া বিধানসভা এলাকার মানুষের কাছ থেকে যে প্রতিক্রিয়ায় পাওয়া গিয়েছে, সেখানে তাঁদের বক্তব্য- এলাকার বিধায়ক কাঞ্চন মল্লিক সবসময় আসেন না। সদ্য শেষ হওয়া কালীপুজোতেও দেখা যায়নি কাঞ্চন মল্লিককে। দুর্গাপুজোর সময় দুই-একটি বড় পুজোয় তাঁকে দেখা গেলেও তারপরে আর কোথাও দেখা যায়নি বিধায়ককে। তবে তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনা পুরোপুরি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। ওই বিধানসভার তৃণমূল নেতৃত্বের দাবি, নির্দিষ্ট দিনে নিজের অফিসে আসেন এলাকার বিধায়ক কাঞ্চন মল্লিক এবং এলাকার মানুষের সব সমস্যার কথা তিনি শোনেন। এছাড়াও এলাকার সব অঞ্চলেই তিনি যান বলেও জানানো হয়েছে। এই ঘটনায় তৃণমূলের অভিযোগ বিজেপির দিকেই। তবে এই পোস্টার কারা লাগিয়েছে, তা জানা যায়নি। যদিও এরপরই বিধায়ক কাঞ্চন মল্লিক এক ভিডিয়ো বার্তায় বলেন, “বেঁচে আছি, সশরীরে আছি। এখনও মিস্টার ইন্ডিয়া হয়ে যাইনি, ভ্যানিশ হয়ে যাইনি।” একইসঙ্গে কাঞ্চন মল্লিক বলেন, কারা এই পোস্টার দিয়েছেন তা তিনি জানেন না। তবে যাঁরা এই পোস্টার দিয়েছেন, তাঁরা যদি নিমন্ত্রণ করেন তা হলে তাঁদের বাড়ি গিয়ে খেয়েও আসবেন তিনি। প্রসঙ্গত, ছট পুজোর প্রাক্কালে গতকাল আসানসোলের বিহারীবাবু কোথায়, এই মর্মে কুলটির স্টেশন রোড এলাকায় পোস্টার পড়েছিল আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে। পোস্টারের নিচে লেখা ছিল, 'বিহারী জনতা আসানসোল'। বাংলা এবং ঝাড়খণ্ড সীমান্তের কাছে আসানসোলে অনেক অবাঙালি রয়েছে। সাত-আট জায়গায় এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপ। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে গোপালপুরে পোস্টার পড়েছিল, বিধায়ককে পাওয়া যাচ্ছে না। তিনি নিখোঁজ। আর এবার এলাকার বিধায়ক কাঞ্চন মল্লিকের খোঁজ চেয়ে 'নিখোঁজ' পোস্টার পড়ল উত্তরপাড়ায় ।
