
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের শিরোনামে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য। মৃত্যুর আড়াই বছর পর এই তারকার মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুশান্তের দেহের ময়নাতদন্তকারী চিকিৎসক। সংবাদমাধ্যমের সামনে তাঁর দাবি, আত্মহত্যা নয়, খুনই করা হয়েছিল অভিনেতাকে। অভিযোগকারী ওই চিকিৎসকের নাম রূপকুমার শাহ। তাঁর দাবি, অভিনেতার দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল।
চিকিৎসকের কথায়, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দিন কুপার হাসপাতালে পাঁচটি মরদেহ এসেছিল। তাঁর কথায়, "পাঁচটি দেহের মধ্যে একটি বডি ছিল। ময়নাতদন্ত করার সময় আমরা বুঝতে পারি, ওটা সুশান্ত সিংয়ের দেহ। অভিনেতার গায়ে একাধিক ক্ষত ছিল। অনেকগুলো দাগ দেখতে পেয়েছিলাম আমরা। ঘাড়ের কাছেও দু' থেকে তিনটি দাগ দেখতে পাই। পোস্টমর্টেমের ভিডিয়ো রেকর্ড করার কথা ছিল। তবে উচ্চপদস্থ কর্তারা কয়েকটি ছবি তুলে রাখতে বলেছিলেন। তাই আমরা ভিডিয়ো করিনি।"
তাঁর সংযোজন, "আমি সুশান্তের দেহের ওই ক্ষতগুলো দেখেই বুঝে গিয়েছিলাম যে ওঁকে খুন করা হয়েছে। এটা আত্মহত্যার ঘটনা নয়। বিষয়টি নিজের সিনিয়রদের জানিয়েছিলাম। বলেছিলাম, নিয়ম অনুযায়ী কাজ করা উচিত। কিন্তু, আমাকে বলা হয়, চুপচাপ ময়নাতদন্ত করতে। যত তাড়াতাড়ি সম্ভব দেহ পুলিশের হাতে তুলে দিতে বলা হয়েছিল।" সেই কারণেই গভীর রাতে সুশান্তের ময়নাতদন্ত করা হয়েছিল বলে দাবি করেছিলেন রূপকুমার শাহ।
২০২০ সালে এমসের চিকিৎসকেরা দাবি করেছিলেন, সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের পদ্ধতিতে গলদ রয়েছে। বেশ কিছু নিয়ম মানেনি কুপার হাসপাতাল, এমন অভিযোগও তোলা হয়েছিল।এবার রূপকুমার শাহের বিস্ফোরক দাবিতে আবারো জোড়ালো হল সেই অভিযোগ।
