
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক তারকাদের ভিড়ে থেকেও আলাদা করে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে ‘বাফটা’র মঞ্চে উপস্থাপনার দায়িত্বে ছিলেন তিনি। আর সেখানেই হিন্দিতে ‘নমস্কার’ জানিয়ে অনুষ্ঠান শুরু করে সকলকে চমকে দেন আলিয়া।
বাফটার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আলিয়া প্রথমেই হিন্দিতে বলেন, “আগলা অ্যাওয়ার্ড এক অ্যাইসি ফিল্ম কে লিয়ে হ্যায়, জো আংরেজি মে নাহি হে।” অর্থাৎ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “এবারের পুরস্কার এমন একটি ছবি জিতেছে, যেটি ইংরাজিতে তৈরি নয়।” পরে অবশ্য ইংরেজিতেও সাবলীলভাবে বক্তব্য রাখেন তিনি। নিজের ভাষা ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরায় অনুরাগীদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ফ্যাশনেও কম যাননি আলিয়া। ইতালীয় ব্র্যান্ড গুচির রুপোলি সিকুইন্স হল্টার-নেক গাউনে তিনি ছিলেন অনবদ্য। সঙ্গে সাদা লোমশ স্টোল—সব মিলিয়ে এক রাজকীয় উপস্থিতি। এর আগেও কান চলচ্চিত্র উৎসব ও মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন তিনি। এবার ‘বাফটা’র মঞ্চে হিন্দি ভাষায় উপস্থাপনা করে আলিয়া যেন আবারও প্রমাণ করলেন—গ্লোবাল মঞ্চে দাঁড়িয়েও নিজের শিকড় ভুলে যাননি তিনি।
