Entertainment

54 minutes ago

Kabir Suman Controversy: কবীর সুমনের বিরুদ্ধে থানায় অভিযোগ, বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তপ্ত রাজনৈতিক মহল

Kabir Suman
Kabir Suman

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বরাবরই স্পষ্টভাষী ও বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে উঠে আসেন গায়ক-গীতিকার কবীর সুমন। ফের একবার তাঁর মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হল বিতর্ক। এবার তাঁর বিরুদ্ধে নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করল ‘জাতির কথা’ নামে একটি সংগঠন। সংগঠনের অভিযোগ, কবীর সুমনের কিছু মন্তব্য নারীদের অসম্মান করেছে এবং হিন্দু ভাবাবেগেও আঘাত হেনেছে। সোশ্যাল মিডিয়ায় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পীর বক্তব্য কোনওভাবেই মেনে নেওয়া যায় না। সংগঠনের সদস্যদের দাবি, ”কবীর সুমন নিজেকে বুদ্ধিজীবী মনে করেন। তাঁর যে ধরনের ভাষা, নারীদের এবং বাঙালি মানুষদের প্রতি যে ধরনের ভাষা উনি ব্যবহার করেন, সেটা আমরা বাঙালি হিসেবে, হিন্দু হিসেবে এবং নারী সম্মানকারী হিসেবে, আমরা এটা বরদাস্ত করছি না।”

এছাড়াও সংগঠনের তরফে জানানো হয়েছে, আইনত পদক্ষেপের মাধ্যমে শিল্পীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে। তাঁদের বক্তব্য, “শিল্পীকে যাতে জেলে ঢোকানো যায়, তার জন্য যাবতীয় ব্যবস্থা করব আমরা। আমাদের সংগঠনের কর্মীরা একত্রিত হয়েছি, এই কারণেই যে হিন্দু সমাজকে অসম্মানিত এবং তাচ্ছিল্য করা যাবে না। যে কথা তিনি বলেছেন, তাঁর মূল্য দিতে হবে।”  যদিও পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত কবীর সুমনের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের হয়নি। অভিযোগ পাওয়ার পর নিয়ম মেনেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে একটি টেলিভিশন সাক্ষাৎকারে করা কিছু মন্তব্য নিয়েই মূলত এই অভিযোগ দায়ের হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করবে পুলিশ।

রাজনৈতিক মহলেও এই ঘটনাকে ঘিরে চর্চা শুরু হয়েছে। কারণ, অতীতে তৃণমূলের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন কবীর সুমন। এমনকি তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে সাংসদও নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি ধর্মতলায় এক কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়-র পাশেও দেখা গিয়েছিল তাঁকে। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শিল্পী দাবি করেন, তিনি নিজেকে “তৃণমূলপন্থী” বলে মনে করেন না। পাশাপাশি তিনি এ-ও বলেন, অতীতে সিপিএম ও তৃণমূল আমলে নারীদের নিরাপত্তা নিয়ে তাঁর আস্থা ছিল। যদিও রাজনৈতিকভাবে এখনও তিনি তৃণমূলকেই সমর্থন করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন। সব মিলিয়ে, কবীর সুমনের মন্তব্য ঘিরে নতুন এই বিতর্ক রাজ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

You might also like!