
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইম্পা (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন)-এর নির্বাচনে নাকি মুঠো মুঠো টাকা ঢেলেছিলেন কুন্তল । যে ইম্পার সভাপতি অভিনেতা বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত। সোমবার ই ডি সূত্রে এ খবর জানা গিয়েছে। ইম্পা সভাপতির বিরুদ্ধে এ বার হাইকোর্টে গেলেন টলিউডের পরিচালক প্রযোজকরা।
নিয়োগ দুর্নীতিতে প্রথম কোনও অভিনেতাকে তলব করেছে ইডি। দোলের পরেই অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করে কেন্দ্রীয় এই সংস্থা। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে যোগ রয়েছে বনির। এমনকি, কুন্তলের সঙ্গে যোগাযোগ ছিল অভিনেতার মা পিয়া সেনগুপ্তও। হল মালিক, পরিবেশক এবং প্রযোজকদের নিয়ে গঠিত সংগঠন ‘ইম্পা’। ২০২১ সালের সেপ্টেম্বরে হয়েছিল এই সংগঠনের নির্বাচন। পিয়াকে নির্বাচনে জেতানোর জন্য কুন্তল নাকি নিজে উপস্থিত হয়েছিলেন, উঠেছে অভিযোগ। শোনা যাচ্ছে, প্রচুর টাকাও খরচ করেছিলেন তিনি। তখন নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তলের নাম উঠে আসেনি। এখন কুন্তলকে জেরা করতেই উঠে এসেছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য।
যদিও পিয়ার কথায়, ‘‘গোটাটাই গুজব!’’ এই প্রসঙ্গে নিজের তরফে সাফাই দিতে গিয়ে সোমবার তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘‘আমার খুব হাসি পাচ্ছে। খুবই নিম্নরুচির বিষয় এটা। দিনে দিনে বিষয়টা খুব সস্তা হয়ে যাচ্ছে। যে এই সংগঠনের সদস্যই নয়, সে কী করে টাকা ঢালবে? আর কেনই বা ঢালবে? মিথ্যা কথা রটানো হচ্ছে।’’
