
কলকাতা, ১৩ ফেব্রুয়ারি : হাসপাতালে ভর্তি বাবুল সুপ্রিয়। বুকে ব্যথা নিয়ে সোমবার সকালে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন রাজ্যের পর্যটন মন্ত্রী। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন বলে খবর। আজই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।
জানা গিয়েছে, রবিবার রাতে আচকাই বুকে প্রবল ব্যথা অনুভব করেন বাবুল সুপ্রিয় ৷ অতিরিক্ত ঘাম হতে থাকে৷ এরপর সোমবার সকালে পরিবারের লোকেরা তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। কার্ডিয়োলজিস্ট সরোজ মণ্ডল এবং চিকিৎসক সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়।
গায়ক তথা মন্ত্রীর ইকো, ইসিজি ও অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। সেই রিপোর্টে দেখা গিয়েছে তাঁর হার্টে যথাযথ রক্ত ও অক্সিজেন সরবরাহ করছে না। ইসিজি রিপোর্টে কোনও সমস্যা দেখা যায়নি। ফলে এখনই কিছু বড় চিকিৎসার প্রয়োজন নেই তাঁর। প্রাথমিক চিকিৎসা করে তাঁকে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে একেবারে প্রাথমিক অবস্থাতেই মন্ত্রী হাসপাতালের শরণাপন্ন হওয়ায় তাঁকে ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসকরা।
