
কলকাতা, ১৫ ডিসেম্বর : বৃহস্পতিবার বন্ধ রাখা হোক সমস্ত শুটিং। কারণ, বিকেলে নেতাজি ইন্ডোরে উদ্বোধন হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। সকলকে সেখানে যেতে হবে।
বুধবার এই মর্মে একটি বিবৃতি (মতান্তরে, নির্দেশ) পৌঁছেছে টলিপাড়ায়। টলিপাড়ার একাংশের দাবি, বুধবার ইন্ডাস্ট্রির কলাকুশলীদের কাছে ফেডারেশনের তরফে হঠাৎ ওই বিবৃতি বা বিজ্ঞপ্তি পৌঁছয়। ফলে অনেকেই পূর্ব নির্ধারিত শুটিং শিডিউল বাতিল করতে বাধ্য হন। ফেডারেশনের তরফে ‘আচমকা’ এ হেন সিদ্ধান্তে ক্ষুব্ধ ছবিপাড়ার অনেকেই।
এই প্রসঙ্গে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ফেসবুকে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘‘আমারও আজ (বৃহস্পতিবার) সিনেমার শুটিং ছিল। গত কাল ক্যানসেল হয়ে গেল। শুনলাম মেসেজ এসেছে, শুটিং রাখা যাবে না।’’ সুদীপ্তার শ্লেষ, ‘সিনেমার স্বার্থে সিনেমাকর্মীদের এই স্বার্থত্যাগ সিনেমার ইতিহাস নিশ্চয়ই মনে রাখবে।’
বস্তুত, জাতীয় পুরস্কারবিজয়ী অভিনেত্রী সুদীপ্তা ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর জন্য নাম না করে উৎসব কর্তাদের কাছে ‘প্রস্তাব’ও দিয়েছেন। বলেছেন, বছরের শুরুতেই এই ‘ছুটি’ ঘোষণা করে দিলে শেষ মুহূর্তে শুটিং বাতিল করার প্রয়োজন হবে না। সুদীপ্তার কথায়, ‘‘প্রযোজক বা পরিচালকদের টাকাপয়সা লস করতে হয় না, চোখের সামনে সব প্ল্যানিং ঘেঁটে ঘ হতে দেখতে হয় না। সিরিয়ালগুলোর নন-টেলিকাস্ট হয়ে যাওয়ার ভয় থাকে না।’’
সঙ্গে যোগ করেছেন, ‘‘শুধু আর্টিস্ট দেখা এবং উদ্বোধনী ছবি দেখায় থেমে না থেকে আমরা যাতে একটু ভাল সিনেমা দেখারও সুযোগ পাই, তার জন্য ফিল্ম ফেস্টিভ্যালের ১০ দিন সমস্ত শুটিং বন্ধ রাখা হোক। আমরা ফিল্ম, টিভি, ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রির সমস্ত অভিনেতা ও কলাকুশলী ১০ দিন ধরে চুটিয়ে সিনেমা দেখি। তার পরে উত্তেজনায় টগবগ করতে করতে আবার যাই সব নিজ নিজ শুটিংয়ে।’’
