Entertainment

3 years ago

Abhishek Banerjee : গেরুয়া বিতর্কের মধ্যেই অভিষেকের পছন্দের তালিকায় উঠে এল অরিজিতের এই গান গুলি

Abhishek Banerjee -Arijit Singh
Abhishek Banerjee -Arijit Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অরিজিৎ,ইকোপার্ক, শাসক -বিরোধী গত ২৪ ঘন্টা কেটেছে এই বিষয়েই, ইকো পার্কে অরিজিৎ সিং-র অনুষ্ঠান বাতিল নিয়ে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুলে বিজেপি যখন স্বর চড়াচ্ছে ঠিক তখনই নিজের পছন্দের সেরা গানের একটি তালিকা টুইটারে পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  

চলতি বছরে অভিষেকের সবচেয়ে ভাল লাগার তালিকায় ইংরেজি, হিন্দি ও বাংলা মিশিয়ে মোট ২৫টি গান রয়েছে। তার মধ্যে অরিজিতের যে তিনটি গান রয়েছে— রণবীর কপূর এবং আলিয়া ভট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির গান ‘কেশরিয়া’, দেব অভিনীত বাংলা ছবি ‘কিশমিস’-এর ‘অবশেষে’ এবং রাজকুমার আর ভূমি পেডনেকর অভিনীত ছবি ‘বধাই হো’-র ‘আটক গয়া’। তবে শুধু অরিজিতেরই গান নয়, সম্প্রতি শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ ছবির যে গান নিয়ে তোলপাড় গোটা দেশ, সেই ‘বেশরম রং’ গানটিও ঠাঁই পেয়েছে অভিষেকের তালিকায়। 

রাজনীতির সাথে যুক্ত মানুষ জন অভিষেকের এই তালিকায় রাজনীতির গন্ধ খুঁজে পেয়েছেন! কারণ, এই মুহূর্তে বঙ্গ-রাজনীতির পরিসরে ঢুকে পড়েছেন অরিজিৎ। ইকো পার্কে তাঁর গানের অনুষ্ঠান বাতিল হওয়া নিয়ে বিজেপি দাবি করতে শুরু করেছে, কলকাতা চলচ্চিত্র অনুষ্ঠানের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ‘রং দে তু মোহে গেরুয়া...’ গাওয়ার জন্যই ‘প্রতিহিংসার বশে’ শিল্পীকে অনুষ্ঠান করতে দেওয়া হল না। এই সবের মধ্যে ‘হিন্দুস্তান-পাকিস্তান’ প্রসঙ্গও টেনে এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০১৫ সালের ৮ অক্টোবর কলকাতায় কনসার্ট করতে আসা শিল্পী গুলাম আলিকে স্বাগত জানিয়ে টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই পুরনো টুইটের স্ক্রিনশট দিয়ে শুভেন্দু বৃহস্পতিবার টুইটারে লিখেছেন, ‘‘পাকিস্তানের গুলাম আলি এলে সঙ্গীতের কোনও সীমানা থাকে না, কিন্তু হিন্দুস্তানি অরিজিৎ সিংহের ক্ষেত্রে বিষয়টা আলাদা।’’ সেই সঙ্গে ‘রং দে তু মোহে গেরুয়া’ হ্যাশট্যাগও দেন শুভেন্দু।  

তৃণমূলের অবশ্য বক্তব্য, গোটা বিষয়ের মধ্যে কোথাও রাজনীতি নেই। অন্তত ঘটনাপ্রবাহ তা-ই বলে। শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ টুইটারে দাবি করেছেন, ‘‘চলচ্চিত্র উৎসবে ‘গেরুয়া’ গাওয়ার জন্য অরিজিতের অনুষ্ঠান বাতিল হয়েছে ইকো পার্কে এমন দাবি ডাহা মিথ্যা। অরিজিৎ ‘গেরুয়া’ গেয়েছেন ১৫ ডিসেম্বর। আর তার অনুষ্ঠান বাতিলের পর আগাম জমা পাঁচ লক্ষ টাকা ফেরত গিয়েছে ৮ ডিসেম্বর।’’ কুনাল ঘোষের কথায় গান গাওয়ার আগেই অগ্রিম ফেরৎ দেওয়া হয়ে গিয়েছিল, সেখানে রাজনৈতিক  প্রতিহিংসার প্রসঙ্গ আসছে কোথা থাকে?  

বিজেপির দাবি উড়িয়ে রাজ্য প্রশাসনেরও বক্তব্য, অরিজিতের অনুষ্ঠান বাতিল করা হয়নি। স্রেফ স্থান পরিবর্তন করা হয়েছে। হিডকোর চেয়ারম্যান রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, যে সময়ে অরিজিতের কলকাতায় আসার কথা তখন ইকো পার্কের উল্টো দিকে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে জি-২০ সম্মেলনের অনুষ্ঠান রয়েছে। অরিজিতের অনুষ্ঠানের ফলে ওই এলাকায় আইনশৃঙ্খলার পরিস্থিতির বিষয়টি মাথায় রেখে স্থান পরি বর্তন করতে বলা হয়েছে মাত্র।  

এই তর্জমার মাঝেই অরিজিতের গানকে নিজের পছন্দের গানের তালিকায় রেখে অভিষেকের টুইৎ প্রসঙ্গে তৃণমূলের একাংশের দাবি, এই টুইটের মধ্য দিয়েই বিজেপির ‘রাজনৈতিক প্রতিহিংসা’র অভিযোগকে উড়িয়ে দিলেন অভিষেক। বুঝিয়ে দিলেন, আদতে কোনও শিল্পীকে নিয়েই তাঁর বা তাঁর দলের মনে কোনও ‘বিরূপ’ ভাবনা নেই।

You might also like!