Country

15 hours ago

Bihar Violence: পাটলিপুত্র রেল স্টেশনে অশান্তি, মোতায়েন বিশাল সংখ্যক পুলিশ বাহিনী

Bihar Violence
Bihar Violence

 

পাটনা, ১৪ জুন : ট্রেন সংক্রান্ত অপর্যাপ্ত ব্যবস্থাপনার প্রতিবাদে অশান্ত হয়ে উঠল বিহারের পাটলিপুত্র রেল স্টেশন। স্টেশনে পাথর ছোড়ার মতো ঘটনাও ঘটে। রবিবার ভোররাতে পাটনার পাটলিপুত্র রেল স্টেশন কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে। আসলে এদিন বিহার পুলিশের ‘প্রহিবিশন ডিপার্টমেন্ট’-এর পরীক্ষা ছিল, সে জন্য প্রচুর সংখ্যক পরীক্ষার্থীরা ট্রেনের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য স্টেশনে এসে উপস্থিত হন। গভীর রাত থেকেই স্টেশনে ভিড় বাড়তে থাকে। ভোররাতে আচমকাই ট্রেন-সংক্রান্ত অপর্যাপ্ত ব্যবস্থার প্রতিবাদে পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখালে সংঘর্ষের ঘটনা ঘটে। পরীক্ষার্থীরা বিশেষ ট্রেনেও ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং সতর্কতামূলক গুলিও চালাতে হয়। আইজি-সহ বেশ কয়েকজন আধিকারিক সামান্য আহত হয়েছেন। স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোর থেকে শুরু হওয়া বিক্ষোভ দীর্ঘক্ষণ চলতে থাকে। পাটলিপুত্র রেল স্টেশনে পরীক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই হিংসাত্মক হয়ে ওঠে এবং সেখানে ট্রেন ভাঙচুরের খবর পাওয়া গেছে। ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সতর্কতামূলক গুলি ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করে। পরিস্থিতি এখনও উত্তেজনাকর। পাটলিপুত্র রেল স্টেশনে হিংসার বিষয়ে জেলাশাসক ডঃ থিয়াগরাজন বলেন, "গভীর রাতে আমরা খবর পাই, রেল স্টেশনে কিছু মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে ন্যূনতম বলপ্রয়োগের মাধ্যমে ভিড় সরিয়ে দিই। পরিস্থিতি এখন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রণে রয়েছে এবং আর কোনও সমস্যা নেই।" জেলাশাসক আরও বলেন, "ট্রেন চলাচলের ব্যবস্থার মতো কিছু বিষয় নিয়ে একদল মানুষ বিক্ষোভ করছিল। যদিও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল এবং দু'টি বিশেষ ট্রেন সেখানে প্রস্তুতও ছিল, তবুও অভিযোগ রয়েছে যে, বিক্ষোভকারীদের মধ্যে কিছু অসামাজিক মানুষ মিশে গিয়ে পাথর ছুঁড়তে শুরু করে। এরপর ন্যূনতম বল প্রয়োগ করে ভিড় ছত্রভঙ্গ করা হয় এবং শান্তি ফিরিয়ে আনা হয়।" 

You might also like!