Kharge on PM Modi: প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে খাড়গের কটাক্ষ! ‘ভদ্রতার সব সীমা পেরিয়েছেন’, পালটা তোপ বিজেপির

Congress president Mallikarjun Kharge
Congress president Mallikarjun Kharge

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বিহারের পাটনায় এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবাকে উল্লেখ করে বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রবিবারের ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘মোদির বাপকেও যেতে হবে।’ খাড়গের এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। এদিকে, সভায় উপস্থিত এক ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগও উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। সব মিলিয়ে খাড়গের মন্তব্য এবং মারধরের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। 

বিহারের প্রথম মুখ্যমন্ত্রী কৃষ্ণ সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে পাটনায় গিয়েছিলেন খাড়গে। সেখানে তিনি বক্তব্য রাখছেন, এমন সময় এক ব্যক্তি বলেন, দেশে বিদ্রোহ না হলে মোদি কোত্থাও যাবেন না। কিন্তু এই কথার পুরোটা খাড়গের কান পর্যন্ত পৌঁছয়নি। কংগ্রেস সভাপতি স্রেফ শুনতে পান, ‘মোদি কোত্থাও যাবেন না।’ তাতেই খানিকটা রেগে উঠে আপত্তিকর মন্তব্য করে বসেন খাড়গে। তিনবার একই কথা বলতে শোনা যায় তাঁকে। যে ব্যক্তির কথার প্রেক্ষিতে এই মন্তব্য, সেই সন্তোষ কুমারকে সভাস্থল থেকে বের করে মারধরের অভিযোগও উঠেছে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। 

খাড়গের মন্তব্য প্রকাশ্যে আসতেই পালটা তোপ দেগেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভদ্রতার সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলেছেন খাড়গে। তবে কংগ্রেস এর আগেও মোদিজির পরিবারের বিরুদ্ধে অপভাষা প্রয়োগ করেছে। তাঁর মাকে অপমান করেছে, তাঁর দারিদ্রকে কটাক্ষ করা হয়েছে। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস প্রত্যেক দিনই শালীনতার সীমা অতিক্রম করছে।’ শাহর পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন এবং অন্যান্য বিজেপি নেতারাও সুর চড়িয়েছেন খাড়গের বিরুদ্ধে। 

উল্লেখ্য, পাটনার সভা থেকে একাধিক ইস্যুতে মুখ খুলেছেন খাড়গে। রাম মন্দিরে অনুদান চুরি নিয়ে বলেন, “ভগবান রামের কাছে আমি বিনতি করি, তিনি যেন চোখ তুলে তাকান। তাঁর নাম ভাঙিয়ে যারা বহু সম্পদ লুট করেছে, তাদের প্রত্যেককে শাস্তি দিন ভগবান রাম।” প্রথম থেকেই অযোধ্যা রাম মন্দিরে চুরির সঙ্গে বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদের যোগ রয়েছে বলে দাবি করে এসেছে কংগ্রেস। রবিবার খাড়গে নাম না করলেও ওয়াকিবহাল মহল মনে করছে খাড়গের নিশানায় বিজেপিই। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…