
টুমাকুর, ৫ জানুয়ারি : কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার কর্ণাটকের টুমাকুরে শক্তি কেন্দ্র প্রমুখ সম্মেলনে নাড্ডা বলেছেন, "কংগ্রেস ভোটব্যাঙ্কের রাজনীতিতে লিপ্ত ছিল। তাঁরা মানুষকে জাতি, অঞ্চলে বিভক্ত করত। তাঁরা জাতপাত ও পরিবারতান্ত্রিক রাজনীতিকে উৎসাহিত করে। কিন্তু, বিজেপির রাজনীতিতে জাতপাত ও পরিবারতন্ত্রের কোনও স্থান নেই।" নাড্ডার কথায়, আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করেছি।
কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে নাড্ডা বলেছেন, "ভাইকে ভাইয়ের সঙ্গে লড়াই করিয়ে দেওয়া কংগ্রেসের কাজ। কংগ্রেসের কাজ হল জেলার সঙ্গে জেলার লড়াই বাঁধিয়ে দেওয়া, রাজ্যের সঙ্গে রাজ্যের লড়াই লাগিয়ে দেওয়া। পরিবারতন্ত্রকে উৎসাহিত করা, তোষণের রাজনীতির অগ্রগতি, কংগ্রেস দল এসব কাজ করেই আসছে।" নাড্ডা বলেছেন, প্রধানমন্ত্রী মোদী আসার পর থেকে, রাজনীতি থেকে পরিবারতন্ত্র, জাতপাতের অবসান হয়েছে। মোদীজি "সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস" মন্ত্র নিয়ে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন।
