Health

1 hour ago

Green Immunity Booster: শীতশেষে রোগ প্রতিরোধে ভরসা সর্ষে শাক, পুষ্টিগুণে ভরপুর এই সবুজ শাক

Mustard greens
Mustard greens

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবিদের ঐতিহ্যবাহী পদ  ‘সরসোঁ দা শাগ’ বহুদিন ধরেই জনপ্রিয়।  তবে এখন আর তা শুধু পঞ্জাবেই সীমাবদ্ধ নয়—বাঙালি হেঁশেলেও সর্ষে শাক ক্রমশ জায়গা করে নিচ্ছে। স্বাদে আলাদা, আর পুষ্টিতে ভরপুর হওয়াতেই এর কদর  শীর্ষে।  শীতের শেষভাগ আর বসন্তের শুরু—এই সময়টায় সর্দি, কাশি, ভাইরাল সংক্রমণসহ নানা অসুখবিসুখ মাথাচাড়া দেয়। অনেকেই এই সময় রোগ প্রতিরোধে সজনে ফুলের মতো ঋতুভিত্তিক খাবার খান। ঠিক তেমনই সর্ষে শাকও হতে পারে দারুণ উপকারী একটি খাদ্য।

সর্ষে শাকে রয়েছে প্রচুর ভিটামিন এ ও সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে থাকা সালফার উপাদান শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিতে সহায়তা করে এবং লিভারের কার্যকারিতা ভালো রাখে। পাশাপাশি উচ্চমাত্রার ফাইবার হজমশক্তি উন্নত করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং বিপাক প্রক্রিয়াকে সক্রিয় রাখে। 


∆ সর্ষে শাক কী ভাবে খেলে উপকার পাবেন?

* সর্ষে শাকের স্ট্যু: রান্নাটি করতে প্রয়োজন হবে কুচনো সর্ষে শাক, ছোট টুকরো করে কাটা গাজর, পেঁয়াজকলি, গোলমরিচ গুঁড়ো এবং লেবুর রস। তেল ছাড়াই রান্নাটি করা যায়। সর্ষে শাক কুচি ও বাকি সব্জি জলে সেদ্ধ করে নিন। জল খানিকটা শুকিয়ে এলে সামান্য মাখন ও অলিভ অয়েল মেশান। উপরে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিন।

* সর্ষে শাকের ডাল: বিউলি বা মুগ ডাল হালকা নেড়ে ভাল করে সেদ্ধ করুন। সেদ্ধ করার সময়ে তাতে কুচনো সর্ষে শাক দিতে দিন। ডাল সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। এ বার প্যানে তেল গরম করে তাতে কাঁচালঙ্কা, আদাবাটা ও মৌরি ফোড়ন দিন। ডালে এই ফোড়ন দিয়ে সামান্য চিনি ও নুন দিয়ে নামিয়ে নিন।

* সর্ষে শাক ও পনিরের স্ট্যু: ২ কাপের মতো কুচনো সর্ষে শাক, ২০০ গ্রামের মতো পনির, ৪-৫ কোয়া রসুন, এক চামচ আদাকুচি, একটি মাঝারি পেঁয়াজ নিয়ে নিন। পনির ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে হালকা ভেজে নিন। তবে স্ট্যু-তে পনির না ভেজেও দিতে পারেন। সে ক্ষেত্রে পনিরের টুকরোগুলি গরম জলে সামান্য নুন দিয়ে ভিজিয়ে রাখুন। এ বার প্যানে তেল বা মাখন গরম করে তাতে পেঁয়াজ, আদা ও রসুনের কুচি দিয়ে ভাজুন। এ বার পরিষ্কার করে ধুয়ে রাখা সর্ষে শাকের কুচিগুলো দিয়ে দিন। সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করুন। শাক একটু মজে এলে এতে এক কাপের মতো জল দিন। তার পর পনিরের টুকরোগুলি দিয়ে ঢেকে রান্না করুন। নামানোর আগে সামান্য মাখন ও গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। 

প্রসঙ্গত, ঋতু পরিবর্তনের এই সময়ে তাই প্রতিদিনের খাবারে সর্ষে শাক রাখলে শরীর থাকবে সুস্থ ও সতেজ।

You might also like!