
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার ও মহম্মদ সালাহদের স্বপ্ন অধরাই থেকে গেল। বুধবার রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় লিভারপুল,নিজেদের ঘরের মাঠে লিভারপুলকে তারা ১-০ গোলে হারিয়ে দেয়। ম্যাচের জয়সূচক গোলটি আসে করিম বেঞ্জেমার কাছ থেকে। সব মিলিয়ে ৬-২ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল রিয়াল। কার্যত আরও একটি ট্রফি জেতার আশা শেষ হয়ে গেল লিভারপুলের।
লিভারপুলের মাঠে যতটা ধ্বংসাত্মক ছন্দে দেখা গিয়েছিল রিয়ালকে, ঘরের মাঠে সেই দাপট ছিল না।এদুয়ার্দো কামাভিঙ্গার শট ক্রসবারে লাগে। লুকা মদ্রিচ অল্পের জন্য গোল করতে পারেননি। দ্বিতীয়ার্ধে বেঞ্জেমা গোল করেন।ভিনিসিয়াস জুনিয়র অনায়াসে লিভারপুলের ডিফেন্ডারদের কাটিয়ে গোলের কাছাকাছি পৌঁছে যান। সেখান থেকে তাঁর নিখুঁত পাসে পা লাগিয়ে অনায়াসে গোল করেন বেঞ্জেমা। বাকি সময়ে লিভারপুল সমতা ফেরাতে ব্যর্থ হন সালাহ ডারউইন নুনেজ, কোডি গাকপোকেরা।
এ দিনের ম্যাচের একমাত্র গোলদাতাবেঞ্জেমা বলেন, “প্রথম পর্বে ওই জয়ের পরেও এটা কঠিন ম্যাচ ছিল। প্রথম থেকেই আমরা শাসন করতে চেয়েছি। আশা করি সমর্থকরা আমাদের খেলা দেখে আনন্দ পেয়েছেন। আপাতত নজর রবিবারে।”
এদিন ম্যাচের সমাপ্তি হয় একটি চমকপ্রদ ঘটনার মধ্য দিয়ে, ম্যাচ শেষে রিয়ালের স্টেডিয়ামে বেজে উঠল ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’ গান। তাতে গলা মেলালেন দু’দলের সমর্থকরাই। এটি লিভারপুলের সমর্থকদের জনপ্রিয় গান। বিপক্ষকে হারালেও তাদের প্রতি যে কোনও অশ্রদ্ধা নেই, এই গান বাজিয়ে সেই বার্তাই দিল রিয়াল।
