
কলকাতা, ৫ নভেম্বর : কাফু ব্রাজিল থেকে বিমান ধরার আগে বাংলায় বলেছিলেন, ‘খেলা হবে’। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি ব্রাজিলের জার্সি নিয়ে এসেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বুট উপহার দেবেন।আর কাফুর হাতে শনিবার তুলে দেওয়া হবে বিশ্বকাপ। তবে এই বিশ্বকাপ একেবারে সন্দেশ আর ক্ষীর দিয়ে তৈরি। তার ওপরে থাকছে পেস্তার প্রলেপ। রিষড়ার ফেলু মোদকের তৈরি সেই বিশ্বকাপ এদিন উঠবে কাফু-র হাতে৷ ফেলু মোদকের কর্ণধার অমিতাভ দে জানিয়েছেন, ‘‘এটা বাংলার সম্মানের ব্যাপার ৷ তাই এই সন্দেশের বিশ্বকাপ আমরা স্বাদ ও গুনমাণের যথাযথ পরীক্ষা করে বানিয়েছি ৷ এটির ওজন হয়েছে ৫ কেজি ৷ কোনও রঙ ব্যবহার করা হয়নি ৷ বিশ্বকাপের ওপরে যে সবুজ আভার কোডিং তা পেস্তা দিয়ে করা হয়েছে।’’এ ছাড়া কাফু-র জন্য বিশেষ সন্দেশও পাঠাচ্ছে ফেলু মোদক। তবে অমিতাভবাবুর দুঃখ রিষড়ায় জগদ্ধাত্রী পুজো থাকায় তিনি নিজে মাঠে যেতে পারছেন না।
