
নাগপুর, ১১ ফেব্রুয়ারি : ভারতের ত্রিফলা স্পিনিং আক্রমণের সামনে শেষ অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সদের বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে ১৩২ রান ও ইনিংসের বিশাল ব্যবধানে জয় তুলে নিল ভারত।
ভারতের প্রথম ইনিংস ৪০০ রানে শেষ হওয়ার ২২৩ রানের লিড মাথায় নিয়ে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। এরপর পড়তে থাকে একের পর এক উইকেট। ভারতীয় স্পিনারদের সামনে কোনও অস্ট্রেলীয় ব্যাটারই দাঁড়াতে পারেনি। তৃতীয় দিনে নাগপুরে ম্যাজিক দেখান রবিচন্দ্রন অশ্বিন। তুলে নেন ৫ উইকেট। অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারিয়ে ১-০ এগিয়ে গেলেন রোহিত শর্মারা।অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে প্রথম ধাক্কা দিলেন অশ্বিন। উসমান খোয়াজাকে ৫ রানের মাথায় আউট করেন তিনি। স্লিপে ক্যাচ ধরেন বিরাট কোহলি। ভারতের মাটিতে সিরিজ়ের শুরুটা ভাল হল না অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের। অপর ওপেনার ডেভিড ওয়ার্নারকেও ১০ রানের মাথায় ফেরান অশ্বিন। একা লড়াইয়ের চেষ্টা করেন স্টিভ স্মিথ। কিন্তু সেটা ম্যাচ বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না। রবীন্দ্র জাডেজা এবং মহম্মদ শামি নেন ২টি করে উইকেট।
উল্লেখ্য, নয়া মাইলফলক স্পর্শ ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাডেজার। নাগপুর টেস্টে অর্ধশতরানের সঙ্গে ৫ উইকেট নেন। এরইসঙ্গে ভারতের হয়ে পাঁচবার এই ধরনের কীর্তির অধিকারী হলেন স্যর জাডেজা। শুধু এখানেই শেষ নয়। কপিল দেবের রেকর্ডও ভেঙে ফেলেন তিনি। একটি টেস্টে ৫ উইকেট এবং অর্ধশতরান করার কীর্তি চারবার রয়েছে কপিল দেবের। নাগপুরে আরও একবার এই কীর্তির অধিকারী হয়ে কপিলকে ছাপিয়ে গেলেন রবীন্দ্র জাডেজা।
