
ইন্দোর, ১ মার্চ : অস্ট্রেলিয়া বোলার ম্যাথু কুনেম্যান আর নেথান লায়নের বিষাক্ত ঘূর্ণিতে তৃতীয় টেস্ট-র প্রথম দিনে মধ্যাহ্ন বিরতির পরে ১০৯ রানে গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। মধ্যাহ্বহ্ন বিরতির পরে মাত্র ৪৪ বল খেলতে পেরেছেন ভারতীয় ব্যাটাররা। ৯ ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে কুনেম্যান নিয়েছেন পাঁচ উইকেট। আর ৩৫ ওভারে তিন উইকেট তুলে নিয়েছেন নেথান লায়ন। অক্ষর প্যাটেল অপরাজিত থেকে গিয়েছেন ১২ রানে।
সাত উইকেটে ৮৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল টিম ইন্ডিয়া। ক্রিজে অপরাজিত ছিলেন দুই ব্যাটসম্যান অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন। মধ্যাহ্ন বিরতির পরেই ভারতীয় শিবিরে ফের আঘাত হানেন কুনেম্যান। ১২ বল খেলে ৩ রান করে অ্যালেক্স ক্যারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রবিচন্দ্রন অশ্বিন। এর পরে জুটি বেঁধে অক্ষর প্যাটেল ও উমেশ যাদব দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান। যখন উইকেটে আগলে থাকার প্রয়োজন ছিল তখন একদিনের মতো মারকাটারি ব্যাটিং করতে থাকেন উমেশ যাদব। আর তার মূল্য চোকাতে হয়। কুনেম্যানের বিষাক্ত বল বুঝতে না পেরে পায়ে লাগিয়ে লেগ বিফোর উইকেট হয়ে ফিরে যান তিনি।
উমেশ যাদব ফেরার পরেই ভারতের ভাগ্যলিখন পরিষ্কার হয়ে যায়। অক্ষর প্যাটেলের সঙ্গে জোট বাঁধেন বোলার মহম্মদ সিরাজ। নেথান লায়নের বলে রান নিতে গিয়ে ট্র্যাভিস হেডের ছোড়া দুর্দান্ত থ্রোয়ে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। মাত্র ৩৩ ওভার ২ বলে ১০৯ গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস।
