
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কিংবদন্তিদের অবসর হয় না, ফের সেটি প্রমাণিত চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। এম এস ধোনির (MS Dhoni) ফেয়ারওয়েল দেখেই নিল দক্ষিণের শহর। তারা নায়ক বরণ করল অন্যভাবে।এই ম্যাচ হয়তো ধোনির দল জেতেনি। কিন্তু কবে আর ক্রিকেটে তারকাদের বিদায় সব জুতসইভাবে শেষ হয়েছে। তাই ধোনির হয়তো শেষ হোম ম্যাচ হার দিয়ে হল। কিন্তু তিনি দেখালেন কিংবদন্তিদের ক্ষেত্রে এসব বিচার হয় না।
খেলা শেষ হতেই ধোনি মাঠে নেমে দর্শকদের উদ্দেশে ছুড়লেন বল, গ্লাভস ও সুপার কিংসের জার্সি। ধোনিকে দেখে এগিয়ে এলেন সুনীল গাভাসকার (Sunil Gavaskar)। তিনি ধারাভাষ্য দিচ্ছিলেন। সানি এগিয়ে এসে নিজের শার্টে সই করালেন ধোনিকে দিয়ে। ভারতীয় ক্রিকেটে এই ছবি অমর হয়ে থাকবে। সোনালি ফ্রেমে বাঁধানো থাকবে।
চিপক দেখল ঐতিহাসিক মুহূর্ত। ধোনিদের বিদায় হয় না। তিনি চলতি আসরে এখনও রয়েছেন। দল প্লে অফে গেলে তিনি মাঠে নামবেন। হয়তো এদিন অবসর নিয়ে কোনও টুইট করেননি। কিংবা বার্তা দেননি। কিন্তু তাঁর আবেগঘন ছবি সবটা পরিষ্কার করে দিল।
প্রায় এক যুগ পরে চেন্নাইয়ের মাঠে কলকাতা জিতল। এইসব তথ্যগুলি সবটাই আড়াল হয়ে গেল যখন ধোনি সারা মাঠ প্রদর্ক্ষিণ করলেন। এমনকী খেলা শেষে সাক্ষাৎকারের সময় দর্শকদের ধোনি, ধোনি চিৎকারে কান পাতা দায়।
এমনকী সঞ্চালকের প্রশ্ন শুনতে না পেরে নিচু হয়ে স্পিকারের আওয়াজ বাড়িয়ে দেন। তার পরেই তিনি শুনতে পান কথা। ধোনি বলছিলেন, আমাদের আজ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভুল ছিল। তাও যদি ১৮০ রান করতাম, লড়াই করার জায়গা থাকত।
