
বুলাওয়ে, ২৮ জুন : চারটে ম্যাচে খেলে চারটিতেই জয়। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মঙ্গলবার (২৭ জুন) রাতে স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিং করে ২৪৫ রান করে লঙ্কানরা। জবাবে স্কটল্যান্ড অলআউট হয় ১৬৩ রানে। বুলাওয়েতে টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। পথুম নিসাঙ্কার দলীয় সর্বোচ্চ ৭৫ এবং আসালাঙ্কার ৬৩ রানে দলকে চ্যালেঞ্জিং স্কোর করতে সাহায্য করেন।
স্কটল্যান্ডের হয়ে ৪ উইকেট তুলে নেন ক্রিস গ্রিভস। মার্ক ওয়াট পেয়েছেন ৩ উইকেট। তবে টার্গেটটা তেমন চ্যালেঞ্জিং ছিলনা। কিন্তু লঙ্কানদের বোলিং তোপে এই টার্গেটটাও করতে পারেনি স্কটল্যান্ড। ক্রিস গ্রিভসের ৫৬ রান বাদে কেউই ক্রিজে টিকতে পারেনি। মাত্র ২৯ ওভারেই অলআউট হয়ে যায় তারা। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন মহেশ থেকশান। আর ২টি উইকেট পেয়েছেন হাসারাঙ্গা। এই জয়ে সুপার সিক্স নিশ্চিত হয়ে গেল লঙ্কানদের জন্য। এই ম্যাচ হারলেও তিন জয় নিয়ে এই গ্রুপে দ্বিতীয় স্থানে আছে স্কটল্যান্ড।
