
কলকাতা, ২০ অক্টোবর : বিসিসিআইয়ের সম্মতি না মেলায় আইসিসি চেয়ারম্যান পদে লড়া হচ্ছে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের। আজ ২০ অক্টোবর ছিল আইসিসির চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। কিন্তু সৌরভ বৃহস্পতিবার মনোনয়ন জমা দেননি। বাংলার ছেলের এই ‘বঞ্চনা’ নিয়ে নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার স্বার্থরক্ষার জন্য সৌরভকে বঞ্চিত করা হল? প্রশ্ন মুখ্যমন্ত্রীর।
সৌরভ বিসিসিআই সভাপতি পদ ছাড়ার পর থেকেই তাঁর আইসিসি প্রধান হওয়া নিয়ে জল্পনা ছিল। শোনা যাচ্ছিল, যদি বিসিসিআই আইসিসির নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে সৌরভই প্রার্থী হবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কেন্দ্র সরকারকে অনুরোধ করেছিলেন, যাতে সৌরভকে আইসিসিতে পাঠানো হয়। গত ১৮ অক্টোবর বোর্ডের বার্ষিক সাধারণ সভায় আইসিসি নির্বাচনে ভারতীয় বোর্ডের ভূমিকা নিয়ে আলোচনাও হওয়ার কথা ছিল। বোর্ডের বৈঠকের এজেন্ডায় রাখা হয়েছিল আইসিসির নির্বাচনের ইস্যুটি। কিন্তু, সেদিনের বৈঠকে শেষ পর্যন্ত এই ইস্যুটি নিয়ে কোনও আলোচনাই হয়নি। সূত্রের খবর, বিসিসিআইয়ের নতুন কমিটি আইসিসি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় বোর্ড বর্তমান চেয়ারম্যান ক্রেগ বার্কলেকেই সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে।
