
আল নাসের, ১০ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার রাতে ফের রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরোপ ছেড়ে এখন এশিয়া মহাদেশে পা রেখেছেন রোনাল্ডো। খেলছেন সৌদি আরবের লিগে। আল ওয়েহদাকে ৪-০ হারিয়েছে তাঁর ক্লাব আল নাসের। একাই চারটে গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। এর মধ্যে দ্বিতীয় গোল করে লিগ পর্যায়ের মোট ৫০০ গোল করে ফেললেন তিনি।
রিয়াল মাদ্রিদের হয়ে ৩১১টি গোল করেছেন সি আর সেভেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১০৩টি, জুভেন্তাসের হয়ে ৮১টি, স্পোর্টিং লিসবনের হয়ে তিনটি এবং সম্প্রতি আল নাসেরের হয়ে পাঁচটি গোল করেছেন।
ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছিল তিক্ততার সঙ্গে। ক্লাব এবং ক্লাবের কোচের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় সময়ের আগেই রোনাল্ডো চুক্তি শেষ করে ওল্ড ট্রাফোর্ডের ক্লাব। তখন কাতার বিশ্বকাপ শুরু হয়েছে। ম্যান ইউতে আগে থেকেই প্রথম এগারোয় সুযোগ পাচ্ছিলেন না তিনি। বিশ্বকাপেও তাঁকে পর্তুগালের হয়ে বেঞ্চে বসতে হয়। এ নিয়ে বিতর্কের ঝড় ওঠে।
