
নয়াদিল্লি, ৬ মার্চ : আমদাবাদে গুরুত্বপূর্ণ চতুর্থ টেস্টে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। আমদাবাদ টেস্টের প্রথম দিন মাঠে থাকতে পারবেন না ক্রিকেট অনুরাগীরা। চতুর্থ টেস্টে আমেদাবাদের মাঠে উপস্থিত থাকবেন ভারত ও আস্ট্রেলিয়া দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অ্যান্থনি অ্যালবানিস। যার ফলে নিরাপত্তার কারনে এদিন মাঠে নিয়ন্ত্রিত প্রবেশাধিকার থাকবে । আর এই সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটের অফিসিয়াল ফ্যান ক্লাব ভারত আর্মির সদস্যরা। সেকথা তাঁরা জানিয়েছেন প্রকাশ্যেই।
চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে এই মুহূর্তে ভারত এগিয়ে রয়েছে ভারতীয় দল। এই টেস্ট জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চাইবে ভারতীয় দল। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটও নিশ্চিত করতে চাইবেন রোহিত শর্মারা। টেস্টের প্রথম দিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী ছাড়াও মাঠে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস। ফলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। যাতে যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায় সে কথা মাথায় রেখেই গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে প্রথম দিনের বেশ কিছু টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ মার্চ থেকে শুরু হবে চতুর্থ টেস্ট। তার আগেই এই সিদ্ধান্তে বেজায় অখুশি ভারত আর্মি। কারণ তাদের একাধিক পরিকল্পনা এই কারণে বদল করতে হয়েছে।
ভারত আর্মির প্রতিষ্ঠাতা রাকেশ প্যাটেল জানিয়েছেন, 'আমি লন্ডন থেকে আমার বেশ কিছু বন্ধু বান্ধবের সঙ্গে ভারত আসছি শুধুমাত্র এই ম্যাচটা দেখার কারণে। বিমান বুক করতে একগাদা টাকা খরচ করেছি। হোটেল বুকিংয়েও গিয়েছে অনেক টাকা। এরপরে মাঠে প্রথমদিন দর্শকদের ঢোকা নিয়ন্ত্রণ করা হলে, তাদেরকে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর্থিকভাবেও আমরা এর ফলে অনেক ক্ষতির সম্মুখীন হব। যখন সূচি ঘোষনা হয় তখনই আমাদের বিমানের টিকিট বুকিং করা হয়ে গেছিল।আমরা সারা বিশ্বে ঘুরে ঘুরে ভারতীয় দলকে সমর্থন করি। আমরা তাই টিকিট বিক্রির জন্য অপেক্ষা করছিলাম। গতকাল আমাদের বলা হয় প্রথম দিনের নিয়ন্ত্রিত টিকিট বিক্রি হবে। এটা একেবারেই মেনে নেওয়া যায় না।'
