
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টিম ইন্ডিয়ার জার্সিতে লেখা পাকিস্তান! আর সেই জার্সি পরেই চলতি বছরের এশিয়া কাপে রোহিত শর্মা, বিরাট কোহলিরা এই জার্সি পরেই বাইশ গজের যুদ্ধে খেলতে নামবেন। সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকে শোরগোল সোশ্যাল মিডিয়ায়।
কিন্তু কেন ভারতীয় দলের জার্সিতে পাকিস্তান লেখা রয়েছে? আসলে এবারের এশিয়া কাপ আয়োজনের দায়িত্বে আছে পাকিস্তান। যদিও পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে আপত্তি জানায় বিসিসিআই। অনেক টালবাহানার পর পাকিস্তানের প্রস্তাবিত ‘হাইব্রিড মডেল’-এ টুর্নামেন্ট খেলার বিষয়ে সায় দেয় ভারত। ফলে পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কায় খেলা হবে। ভারতের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে দ্বীপরাষ্ট্রে। যেহেতু এবারের এশিয়া কাপ আয়োজন করছে পাকিস্তান। তাই সব দেশের জার্সিতেই লেখা থাকবে ‘এশিয়া কাপ পাকিস্তান ২০২৩’।সেই মতই ভারতের জার্সিতেও ঐ এক বার্তা লেখা হয়েছে।
দুই দেশের মানুষের কাছে ক্রিকেট মাঠের এই ডুয়েল সর্বদাই ‘প্রেস্টিজ’ লড়াই। দুই দেশের খেলার শুধু মাঠের ভেতরের সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে বাইরেও। খেলার সঙ্গে জড়িয়ে থাকে দু’দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কও।
চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। রোহিত-বাবরদের লড়াই দেখতে মুখিয়ে আছেন সকলেই।
