
আমেদাবাদ, ১১ অক্টোবর : জাতীয় গেমসের ফাইনালে একরাশ স্বপ্নকে সঙ্গী করে মঙ্গলবার আমেদাবাদের ট্রান্সস্টাডিয়ায় নামছে বাংলা দল। বাংলার খেতাব জয়ের মাঝে দাঁড়িয়ে শুধু কেরল। যাদের কাছে হেরে মাসখানেক আগে সন্তোষ ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলা দলের। মঙ্গলবার সন্ধ্যায় গেমস ফাইনাল একপ্রকার প্রতিশোধের মঞ্চ বাংলার ফুটবল দলের কাছে।
কেরলে সন্তোষের আসরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাকে। তবে জয়ের বিষয়ে আশাবাদী জাতীয় গেমসে বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। সন্তোষের ফাইনাল হারের প্রসঙ্গ টেনেই প্লেয়ারদের তাতাচ্ছেন তিনি।
আমেদাবাদ থেকে ফোনে কোচ বিশ্বজিৎ বলেন, ‘‘সন্তোষ ট্রফিতে কেরলের কাছে ফাইনালে বাংলা হেরে গিয়েছিল। সেই টিমের বেশ কয়েকজন এই দলে রয়েছে। জাতীয় গেমস আলাদা একটা টুর্নামেন্ট। দু’টো টুর্নামেন্টের মধ্যে অবশ্যই কোনও তুলনা চলে না। তবে ছেলেরা এই মঞ্চে কেরলকে হারিয়ে বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য নিঃসন্দেহে মরিয়া থাকবে।’’
এদিকে, ফাইনালে নামার আগে স্বস্তি বাংলা শিবিরে। সার্ভিসেস ম্যাচে ঘাড়ে চোট পেয়েছিলেন সুরজিৎ হাঁসদা। তবে এখন সম্পূর্ণ সুস্থ সুরজিৎ। পাশাপাশি ফাইনালে দলকে উজ্জীবিত করতে আমেদাবাদ যাচ্ছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।
