
প্যারিস, ২৪ ডিসেম্বর : বিশ্বকাপ জয়ের মহোৎসবে বুঁদ আর্জেন্টিনা। আর এরমাঝে বিশ্বকাপ ফাইনাল ফের খেলার দাবি জানান হল ফ্রান্স শিবিরের পক্ষ থেকে। বিতর্কিত পেনাল্টির জন্য ফের ফাইনালের দাবি জানানো হয়েছে। ফরাসি সমর্থকদের থেকে সই সংগ্রহ করে পিটিশন ফাইল করা হয়েছে। অনলাইনের একটি সাইটের মাধ্যমে সমর্থকদের সই সংগ্রহ করা হয়েছে ও পিটিশন ফাইল করা হয়েছে। ফ্রান্সের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে কাতার বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। দারুণ রোমাঞ্চে ভরা এই ফাইনালকে বলা হচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সেরা ফাইনাল। তবে ম্যাচ শেষে ডালপালা মেলে বিতর্ক। শিরোপা নিশ্চিতের ম্যাচটিতে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ফ্রান্সের সমর্থকরা। অনেকেই চান, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আবার অনুষ্ঠিত হোক। এজন্য একটি পিটিশনও করা হয়েছে। শনিবার পর্যন্ত দুই লাখের বেশি মানুষ সই করেছে ওই পিটিশনে।
লুসাইল স্টেডিয়ামে গত ১৮ ডিসেম্বর শ্বাসরুদ্ধকর ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের শেষে ৩-৩ গোলে সমতা থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্তিনা। এই ম্যাচে আর্জেন্তিনার হয়ে ২টি গোল করেন লিওনেল মেসি ও একটি গোল করেন অ্যাঞ্জেলো ডি মারিয়া। মেসির প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। আর এতেই বেধেছে বিপত্তি। সমর্থকদের দাবি মেসি যেই পেনাল্টি থেকে গোল করেছেন সেটা পেনাল্টি ছিল না। প্লে অ্যাক্টিং করেছিলেন অ্যাঞ্জেলো ডি মারিয়া। ম্যাচের ২৩ মিনিটের সময় একটি পেনাল্টি পায় আর্জেন্তিনা। ফ্রান্সের পেনাল্টি বক্সে বল নিয়ে ঢোকার পর দেম্বেলে ডি মারিয়াকে ফাউল করে বলে পেনাল্টি দেওয়া হয়। এতেই ক্ষোভ প্রকাশ করেছেন ফ্রান্স সমর্থকরা। তাঁদের দাবি, ডি মারিয়া প্লে অ্যাকটিং করেছেন। সেটা পেনাল্টি ছিল না। জোর করে আর্জেন্তিনাকে পেনাল্টি দেওয়া হয় বলে মনে করেন ফ্রান্স সমর্থকরা। এরপর ম্যাচের ৩৬ মিনিটের মাথায় ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে ফাউল করা হয়েছিল কিন্তু রেফারি সেই ফাউল দেননি। এতেও ক্ষোভ রয়েছে সমর্থকদের। এরপরেই অবশ্য দ্বিতীয় গোল পায় ডি মারিয়া। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। ফ্রান্সের গণমাধ্যম ‘এল-ইকুইপ’ দাবি করে, আর্জেন্টিনার তৃতীয় গোলটি অবৈধ ছিল। কারণ গোল হওয়ার সময় মাঠে আর্জেন্টাইন বদলি খেলোয়াড়েরা ঢুকে পড়েছিলেন। তাই ফাইনাল ম্যাচটি আবারও খেলার দাবিতে পিটিশন করেছেন ফ্রান্স সমর্থকরা। অনলাইনে পিটিশনের প্ল্যাটফর্ম ‘মেসওপিনিয়নস’-এ এই পিটিশন করা হয়েছে। আবার খেলুন ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচ! শিরোনামের পিটিশনে বলা হয়েছে, ‘রেফারিকে কিনে নেয়া হয়েছিল, পেনাল্টিটি হয় না দ্বিতীয় গোলের আগে এমবাপ্পে ফাউলের শিকার হন। ম্যাচটি পুনরায় খেলার দাবিতে সই করুন।’ সর্বোচ্চ সই পাওয়া শীর্ষ ২০টি পিটিশনের মধ্যে আছে এটি। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানা গেছে, ৫ লাখ সই টপকে গেলে এই পিটিশন ফরাসি অনলাইন প্ল্যাটফর্মে সর্বোচ্চ সই পাওয়া তিনটি পিটিশনের একটি হবে। পিটিশনে সই করা বেশির ভাগ নাগরিকই ফ্রান্সের এবং মন্তব্যসংখ্যা শনিবার ৯০ হাজার ছাড়িয়েছে। মন্তব্যকারীদের একজন বলেন, ‘রেফারি দুর্নীতি করেছেন।’ আরেকজনের মন্তব্য, ‘রেফারির আচরণ সন্দেহজনক ছিল।’
উল্লেখ্য, হারের জ্বালা সইতে না পেরে এর আগেও পিটিশন করেছেন ফ্রান্সের ফুটবলপ্রেমীরা। দেড় বছর আগে ইউরোর শেষ ষোলোয় সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল ফরাসিরা। এই হারের পরও পিটিশন করা হয়েছিল।
