
লিসবন, ১৬ ডিসেম্বর : ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পর্তুগাল ৷ আর তার ৫ দিন পর জাতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দিলেন ফার্নান্দো স্যান্টোস৷ ৮ বছর পর্তুগাল জাতীয় দলের কোচের দায়িত্ব সামলেছেন তিনি ৷ তবে, পর্তুগিজ সকার ফেডারেশনের সঙ্গে আরও ২ বছরের চুক্তি বাকি ছিল স্যান্টোসের ৷ কিন্তু, সেই চুক্তি শেষ হওয়ার আগেই কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে হারের দায় নিয়ে সরে দাঁড়ালেন ৬৮ বছরের ফার্নান্দো ৷
তবে, ফার্নান্দো স্যান্টোসের কোনও বদলি এখনও ঘোষণা করেনি পর্তুগাল ৷ ফেডারেশনের তরফে জানানো হয়েছে, তারা স্যান্টোসের পরিবর্তের খোঁজ শুরু করেছে ৷ পর্তুগালের ২০১৬ ইউরো কাপ জয়ে বড় ভূমিকা ছিল ফার্নান্দো স্যান্টোসের ৷ যা পর্তুগাল জাতীয় দলের প্রথম কোনও আন্তর্জাতিক ট্রফি জয় ছিল ৷ পাশাপাশি, ২০১৯ সালে শুরু হওয়া উয়েফা নেশনস লিগে প্রথম ট্রফিও পর্তুগাল জেতে ফার্নান্দো স্যান্টোসের কোচিংয়ে ৷
