
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা দেতে সোমবার যে মমতা মোহনবাগান ক্লাবে যাবেন তা আগেই জানিয়েছিলেন ক্লাবের সহ-সভাপতি কুণাল ঘোষ। সেই মতো আগে থেকেই সব প্রস্তুত রাখা হয়েছিল। আইএসএল জয়ী দলের ফুটবলার থেকে শুরু করে কোচ—সবাই উপস্থিত ছিলেন ক্লাব তাঁবুতে। ছিলেন ক্লাবের সচিব দেবাশিস দত্ত, সভাপতি টুটু বসুরা।ভারত সেরাদের সংবর্ধনা অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন সমর্থকেরাও।
সোমবার বেলা ১২টায় সবুজ-মেরুন ক্লাবে যান তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আগে থেকেই মঞ্চ তৈরি ছিল। সেখানে ক্লাবের ফুটবলারদের সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী।
মমতা ক্লাবে গিয়ে প্রথমেই বাগান অধিনায়ক প্রীতম কোটাল ও কোচ জুয়ান ফেরান্দোর হাতে মিষ্টি তুলে দেন।মমতা হাতে নিয়ে দেখেন বাগান গোলরক্ষক বিশাল কাইথের সোনার গ্লাভস। তার পরে একে একে সব ফুটবলারকে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী।উল্লেখ্য, মোহনবাগান তাঁবুতে গিয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারাও। তাঁরাও শুভেচ্ছা জানান পড়শি ক্লাবকে।
