
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বোর্ড সভাপতি পদ থেকে সরে যাবার পর এই প্রথম বার কিছু বললেন সৌরভ। তিনি বলেন , “প্রশাসক হিসাবে অনেকটা সময় কাটিয়েছি। তবে খেলাধুলো অনেক বেশি কঠিন ছিল। তবে যে সময়টা বোর্ডে কাটিয়েছি, তা উপভোগ করেছি। খেয়াল করলে দেখবেন, গত তিন বছরে ভারতীয় ক্রিকেটে অনেক কিছুই হয়েছে।”
বৃহস্পতিবার এক বেসরকারি ব্যাঙ্কের অনুষ্ঠানে এই নিয়ে কথা বললেন ‘মহারাজ’। তিনি বলেন সারা জীবন কেউ প্রশাসক থাকতে পারে না। সবাইকেই জীবনের একটা সময় প্রত্যাখ্যাত হতে হয়।
কী ভাবে এক জন মানুষ সফল হতে পারেন, সেই প্রসঙ্গে কথা বলেছেন সৌরভ। তাঁর কথায়, “সবাই শেষটাই দেখে। কিন্তু বোঝার চেষ্টা করে না যে আমাদের সবাইকে শূন্য থেকে শুরু করতে হয়। প্রশাসক হিসাবে হয়তো আমার এখানেই ইতি। এখন হয়তো আমাকে নতুন ভূমিকায় দেখা যাবে। সেখানেও শূন্য থেকে শুরু করতে হবে।” তিনি আরও বলেন, “আমি সবাইকে বলি, দেশের হয়ে খেলার থেকে বড় আর কিছু হয় না। আমি সিএবি-র প্রেসিডেন্ট ছিলাম, বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু ও-ই ১৫ বছর আমার জীবনের সবচেয়ে ভাল সময়। তখন রোজ সকালে ঘুম থেকে উঠতাম সফল হওয়ার জন্যে।"
তবে শেষে তিনি বলেন "প্রশাসক হিসাবে হয়তো আমার এখানেই ইতি। এখন হয়তো আমাকে নতুন ভূমিকায় দেখা যাবে। সেখানেও শূন্য থেকে শুরু করতে হবে।”
