
কলকাতা, ১৬ ডিসেম্বর : কৌশিক ঘোষ, অনুষ্টুপ মজুমদার এবং অধিনায়ক মনোজ তিওয়ারিদের অর্ধশতরানে ভর করে উত্তরপ্রদেশের বিরুদ্ধে জয় দিয়ে রঞ্জি অভিযান শুরু করল বাংলা ৷ সেই সঙ্গে গ্রুপ-এ থেকে ৬ পয়েন্ট তুলে নিল বাংলা দল ৷ শেষদিনে ৪ উইকেট হারিয়ে ২৫৯ রান তুলে ৬ উইকেটে জয় নিশ্চিত করলেন মনোজ তিওয়ারিরা ৷ এদিন শুরুতেই কৌশিক ঘোষ (৬৯ রান) আউট হয়ে গেলেও অনুষ্টুপ এবং মনোজ তিওয়ারি বাংলাকে জয়ের লক্ষ্যে নিয়ে যান ৷
বাংলাকে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ২৫৭ রান তুলতে হত ৷ গতকাল বাংলার দুই ওপেনার অভিষেক দাস এবং কৌশিক ঘোষ ইনিংস শুরু করেন ৷ অভিষেক মাত্র ৯ রান করে ফিরে যান ৷ এর পর কৌশিক এবং সুদীপ ঘরামি বাংলার ইনিংস সামলান ৷ সুদীপ ব্যক্তিগত ২২ রানে আউট হন ৷ তবে, কৌশিক ঘোষ এবং অনুষ্টুপ মজুমদার বাংলার ইনিংসের হাল ধরেন ৷ তৃতীয় দিনের শেষে বাংলা দলের স্কোর ছিল ২ উইকেটে ১৫৬ রান ৷ সেখান থেকে এদিন সকালে কৌশিক এবং অনুষ্টুপ ইনিংস শুরু করেন ৷ তবে, প্রথম ওভারেই ব্যক্তিগত ৬৯ রানে আউট হয়ে যান কৌশিক ঘোষ ৷ অধিনায়ক মনোজ তিওয়ারি ১০৮ বলে ৬০ রানে অপরাজিত থাকেন ৷ ম্যাচের সেরা হয়েছেন পেসার ঈশান পোড়েল ৷ প্রথম ইনিংসে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ২ উইকেট শিকার করেন ৷ বাংলার পরের ম্যাচে ইডেনে আগামী ২০ ডিসেম্বর হিমাচলপ্রদেশের বিরুদ্ধে ৷
