কলকাতা, ১৩ জানুয়ারি : শুক্রবার সন্তোষ ট্রফিতে বাংলা ২-০ গোলে হারাল ছত্তিশগড়কে। বাংলার হয়ে জোড়া গোল করেন নরহরি শ্রেষ্ঠ। ম্যাচে প্রথম থেকে বাংলার আধিপত্য বজায় রাখে। সন্তোষ ট্রফিতে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা। আর চারটি ম্যাচেই জিতেছে।
হরিয়ানাকে হারিয়ে সন্তোষে বাংলার অভিযান শুরু হয়েছিল। দ্বিতীয় ম্যাচে দমন ও দাদরাকে পাঁচ গোলে মাটি ধরিয়েছিল বাংলা। মধ্যপ্রদেশকেও পাঁচ গোলের মালা পরিয়েছিল বাংলা। এদিন দু’টি গোল করে বাংলা। তাদের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ মহারাষ্ট্র।
তবে প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল বাংলা। সেই সব সুযোগ নষ্টও হয়। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে বিরতির আগেই একাধিক গোলে এগিয়ে থাকতে পারত বাংলা। নরহরির গোল দুটোর পিছনে অবদান রয়েছে দীপক রেজ্জাকের। তিনিই গোলের গন্ধ মাখা বল বাড়িয়েছেন নরহরিকে। বাংলা কোচ বলছিলেন, ”চারটি ম্যাচে আমরা ১৫টি গোল করেছি। প্রায় এগারোটি গোলের ক্ষেত্রে কৃতিত্ব রয়েছে দীপকের। এদিনও খুব ভাল খেলেছে ও।” সব মিলিয়ে এখনও পর্যন্ত সন্তোষ ট্রফিতে বাংলা এগিয়ে চলেছে।
