
ইন্দোর, ১২ ফেব্রুয়ারি : রঞ্জির সেমিফাইনালে ৩০৬ রানের বড় ব্যবধানে মধ্যপ্রদেশকে গুঁড়িয়ে ফাইনালে পা রাখল মনোজ তিওয়ারির দল। প্রথম ইনিংসে অনুষ্টুপ ও সুদীপের জোড়া সেঞ্চুরির পর বল হাতে দাপট দেখিয়েছিলেন আকাশ দীপ। ম্যাচের শেষ দিনে বল হাতে বাংলার নায়ক হয়ে উঠলেন প্রদীপ্ত প্রামাণিক। পাঁচ উইকেট তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করলেন তিনি। এই জয়ের ফলে ১৯৮৯-৯০ সালের পর আরও একবার রঞ্জি ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছেন অনুষ্টুপরা।
গত মরশুমে রনজি সেমিফাইনালে মধ্যপ্রদেশের কাছেই হারতে হয়েছিল বাংলাকে। রবিবার তাদের দুরমুশ করে মধুর প্রতিশোধ নিলেন অনুষ্টুপ মজুমদাররা। প্রথম ইনিংসে আঙুলের ব্যথা নিয়েই দুরন্ত সেঞ্চুরি করেছিলেন অনুষ্টুপ। শতরান এসেছিল সুদীপ ঘরামির ব্যাট থেকেও। প্রথম ইনিংসে ৪৩৮ রান করার পরে অনেকেই আশাবাদী ছিলেন, এই ম্যাচ জিততে পারে বাংলা। বোলারদের দাপটে এই আশা আরও বেড়ে যায়। আকাশ দীপের আগুনে বোলিংয়ের সামনে কার্যত আত্মসমর্পণ করেন রজত পাটিদাররা। মাত্র ১৭০ রানে শেষ হয়ে যায় মধ্যপ্রদেশের ইনিংস। একাই পাঁচ উইকেট তুলে নেন আকাশ দীপ। প্রথম ইনিংসে ২৬৮ রানের বিশাল লিড নেয় বাংলা।
দ্বিতীয় ইনিংসেও ৮০ রানের অনবদ্য ইনিংস খেলেন অনুষ্টুপ। তারপর প্রদীপ্ত প্রামাণিকের অপরাজিত ৬০ রানের জোরে ২৭৯ রান তোলে বাংলা। ম্যাচের শেষ দিনেও ভেলকি দেখালেন প্রদীপ্ত। মাত্র ৫১ রান দিয়ে ৫ উইকেট পান তিনি। ২৪১ রানেই শেষ হয়ে যায় মধ্যপ্রদেশের ইনিংস। বিশাল ব্যবধানে জিতে ১৬ ফেব্রুয়ারি ফাইনাল খেলবে বাংলা। অন্য সেমিফাইনালে কর্নাটক বনাম সৌরাষ্ট্র ম্যাচে জয়ী দলের বিরুদ্ধে ফাইনাল খেলবেন মনোজ তিওয়ারিরা ।
