
নয়াদিল্লি : আসন্ন মরশুমে প্রথমবার আয়োজিত হতে চলেছে মেয়েদের পূর্ণাঙ্গ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল )। মেয়েদের আইপিএলের সম্প্রচার অধিকার কার দখলে থাকবে তার জন্য আবেদনপত্র জমা দিতে বলল ভারতীয় ক্রিকেট বোর্ড। এর মাধ্যমে মেয়েদের আইপিএল আয়জনের দিকে আরও একধাপ এগিয়ে গেল বিসিসিআই ।
আইপিএলের প্রস্তুতি শুরু ভারতীয় ক্রিকেট বোর্ডের। তবে মহিলাদের জন্য। আসন্ন মরশুমে প্রথমবার আয়োজিত হতে চলেছে মহিলাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সবরকম প্রস্তুতি প্রায় সারা হয়ে গিয়েছে। এবার আরও একধাপ এগিয়ে গেল বিসিসিআই। মেয়েদের আইপিএলের সম্প্রচার অধিকার কার দখলে থাকবে তার জন্য আবেদনপত্র জমা দিতে বলল বোর্ড। আপাতত ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত এই সত্বের অধিকার তুলে দেওয়া হবে সর্বোচ্চ দর হাঁকা সংস্থার হাতে।
বিসিসিআই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, যারা সম্প্রচার করবে তাদের বিড করার আমন্ত্রণ জানানো হচ্ছে। টেন্ডার প্রক্রিয়াকরণের মূল্য হিসাবে পাঁচ লক্ষ টাকা ও সঙ্গে জিএসটি ধার্য করা হয়েছে। টেন্ডারের জন্য আবেদন করতে হলে বিড ডকুমেন্টটি কেনা বাধ্যতামূলক। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর, ২০২২। তবে যে কোনও সংস্থাই বিড ডকুমেন্ট কেনার আবেদন করতে পারে। তবে বিসিসিআইয়ের যোগ্যতা পূরণ করতে পারলেই বিড করা যাবে।
বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ‘বিসিসিআই মেয়েদের আইপিএল আয়োজন করতে চলেছে। আইপিএল গভর্নিং বডি একটি বিড প্রক্রিয়া চালু করছে। যেখানে বিভিন্ন সম্প্রচারকারী সংস্থা আবেদন করতে পারে। মেয়েদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আপাতত পাঁচ বছরের (২০২৩ থেকে ২০২৭) সম্প্রচার সত্ব দেওয়া হবে। সংস্থাগুলিকে আমন্ত্রণ জানানো হচ্ছে।’
প্রসঙ্গত, ছেলেদের আইপিএলের মতো নিলাম করে স্বত্ব দেওয়ার পথে গেল না বোর্ড। আগে যে ভাবে বন্ধ খামে আবেদন জমা দেওয়ার ব্যবস্থা ছিল। তেমনটাই করা হচ্ছে মেয়েদের আইপিএলের জন্য। মনে করা হচ্ছে এবছর ছেলেদের আইপিএলের আগে মেয়েদের আইপিএল শুরু হবে।
