
লন্ডন, ১৩ অক্টোবর : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বৃহস্পতিবার রাতের ম্যাচে গোলের বন্যা। মহম্মদ সালহা-র হ্যাটট্রিকের সৌজন্যে লিভারপুল ৭-১ গোলে হারাল স্কটল্যান্ডের রেঞ্জার্সকে। ম্যাচে একটা সময় ০-১ গোলে পিছিয়ে থেকেও লিভারপুল জিতল ৭-১। ১৬ মিনিটে গোল হজম করার পর ম্যাচের ২৪ মিনিটে রবার্টো ফার্মিনোর গোলে সমতায় ফেরে লিভারপুল। এরপর শুরু হয় গোলের বন্যা। ম্যাচের ৭৫ থেকে ৮১ মিনিটের মধ্যে সালহা হ্যাটট্রিক করেন। চ্যাম্পিয়ন্স লিগে এত কম সময়ের ব্যবধানে হ্যাটট্রিকের নজির এর আগে ছিল না।
লিভারপুল যখন ৩-১ গোলে এগিয়ে তখন ম্যাচের ৭৫, ৮০ ও ৮১ মিনিটে তিনটি গোল করেন সালহা। এরপর খেলা শেষের মিনিট তিনেক আগে লিভারপুলের সপ্তম গোলটি করেন হার্ভে এলিয়ট। হ্যাটট্রিকের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে আফ্রিকানদের মধ্যে সর্বাধিক গোলের রেকর্ড গড়লেন ইজিপ্টের তারকা ফুটবলার সালহা। দিদিয়র দ্রোগবা (৪৪)-কে টপকে সর্বাধিক গোলের রেকর্ড গড়লেন সালহা। গ্রুপ এ-তে লিভারপুল দ্বিতীয় স্থানে থাকল (৪ ম্যাচে ৯), শীর্ষে নাপোলি (৪ ম্যাচে ১২), তিনে আজাক্স আমস্টারডাম (৩ পয়েন্ট), রেঞ্জার্স এখনও পয়েন্ট টেবলে খাতা খোলেনি। নক আউটে উঠে গিয়েছে নাপোলি।
