
কলকাতা, ২৮ আগস্ট : হকি বিশ্বকাপের সেমিফাইনালের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেও ভারতের মহিলা ক্রীড়াবিদদের পারফরম্যান্স মোটামুটি ভালোই ৷ বৃহস্পতিবার পঞ্চম স্থান নির্ণায়ক ম্যাচে ভারতের মেয়েরা মুখোমুখি হয়েছিল জার্মানির৷ আর সেই ম্যাচে জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে পঞ্চমস্থান পেল সালিমা তেতের ভারতীয় দল।
এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারতের ভালো ফলাফল ছিল ১৯৭৪ সালে প্রতিযোগিতার প্রথম সংস্করণে। সেবার ভারত চতুর্থস্থানে শেষ করেছিল ৷ এরপর বিশ্বকাপের ৫২ বছরের ইতিহাসে এটাই ভারতের প্রমিলা ব্রিগেডের সেরা ফলাফল ৷ ভারতের জয়ে এদিন উল্লেখযোগ্য ভূমিকা নিলেন স্ট্রাইকার নভনীত কৌর ৷ তিনি জোড়া গোল করেন ৷
উল্লেখ্য, এবারের হকি বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলেছে ভারতের মহিলারা ৷ তার মধ্যে আয়োজক নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচটিতে হেরেছে ভারত ৷ বিশ্বকাপে এই সাফল্য ভারতের মহিলা ব্রিগেডেকে এশিয়ান গেমসের আগে আত্মবিশ্বাসী করবে ৷
