
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর প্রচার। শনিবার নয়াদিল্লিতে আয়োজিত ‘প্রথম সংকল্প’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক, প্রযোজক এবং তারকা-অভিনেতারা। সেখানেই সীতার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে আবেগঘন মন্তব্য করেন অভিনেত্রী সাই পল্লবী।
সাই জানান, সীতার মতো এক মহীয়সী চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া তাঁর কাছে শুধুই একটি চরিত্র নয়, বরং এক বিশেষ আশীর্বাদ। তাঁর কথায়, এমন চরিত্র চাইলেই পাওয়া যায় না। বরং তিনি বিশ্বাস করেন, এই চরিত্রই তাঁকে নিজের জন্য বেছে নিয়েছে। শুটিংয়ের আগে নিয়মিত ধ্যান করতেন বলেও জানান অভিনেত্রী। তাঁর প্রার্থনা ছিল, “সীতা মা যেন আমার মাধ্যমে নিজেকে প্রকাশ করেন, যাতে পর্দায় চরিত্রটি সত্যিকার অর্থেই জীবন্ত হয়ে ওঠে।” চরিত্রের গভীরতা বজায় রাখতে শুটিং চলাকালীন নিজের মানসিক অবস্থাকেও নির্মল রাখার চেষ্টা করেছেন বলে জানান সাই। তাঁর মতে, এই ধরনের পৌরাণিক চরিত্র ফুটিয়ে তুলতে শুধু অভিনয় নয়, প্রয়োজন আত্মিক প্রস্তুতিও।

অন্যদিকে, পরিচালক নীতেশ তিওয়ারিও রণবীর কপূর ও সাই পল্লবীর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। তাঁর বক্তব্য, একজন অভিনেতার চোখেই চরিত্রের সত্যিকারের পরিচয় ফুটে ওঠে। রণবীরের চোখে তিনি রামকে এবং সাইয়ের চোখে সীতাকে দেখতে পেয়েছেন। তাই পর্দায় তাঁদের আর অভিনেতা বলে মনে হয়নি, বরং রাম-সীতার উপস্থিতিই অনুভব করেছেন। নমিত মালহোত্র প্রযোজিত এই মেগা প্রজেক্টটি দুই পর্বে মুক্তি পাবে। প্রথম পর্ব ‘রামায়ণ: পার্ট ১’ চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা। দ্বিতীয় পর্বটি আসবে আগামী বছরের দীপাবলিতে। ছবিতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কপূর, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং রাবণের ভূমিকায় দক্ষিণী তারকা যশ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সানি দেওল, কাজল অগ্রবাল, বিবেক ওবেরয়সহ একাধিক জনপ্রিয় শিল্পী। উল্লেখ্য, দিল্লির অনুষ্ঠানে ছবির বিশেষ প্রচার-ঝলক দেখানো হলেও সেটি বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে ২৪ জুলাই। দর্শকদের মধ্যে ইতিমধ্যেই এই ছবিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে।
