
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মহাকাব্য ‘রামায়ণ’-এর কাহিনি এবার আরও একবার বড় পর্দায় হাজির হতে চলেছে। নীতেশ তিওয়ারির পরিচালনায় তৈরি এই বহু প্রতীক্ষিত ছবি নিয়ে ইতিমধ্যেই দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ছবির প্রচারঝলক প্রকাশ্যে আসতেই রাম-রাবণের চরিত্রে রণবীর কাপুর ও যশের লুক নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। এবার সেই চর্চায় নতুন মাত্রা যোগ করলেন জনপ্রিয় গায়ক-র্যাপার হানি সিং।
সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে এসে ‘রামায়ণ’-এর টিজার নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান হানি সিং। রাম ও রাবণের মধ্যে কার লুক তাঁর বেশি পছন্দ হয়েছে, সেই প্রশ্নে কোনও দ্বিধা না রেখেই রাবণের ভূমিকায় যশকে এগিয়ে রাখেন তিনি। এমনকী, রণবীর কাপুরের তুলনায় যশকে তাঁর চোখে বেশি আকর্ষণীয় বলেও জানান র্যাপার। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে হানি সিং বলেন, “যশ ভাই আমাদের বেঙ্গালুরুর ছেলে। উনি রাবণের চরিত্রে অভিনয় করছেন। সত্যি বলছি বন্ধুরা, আমি ‘রামায়ণ’-এর টিজার দেখেছি। আমি শ্রী রামের ভক্ত। রাবণের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। কিন্তু যশ ভাইকে কী দারুণ লাগছে! আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী, রণবীর ভাইয়ের থেকেও যশকে আমার বেশি ভালো লাগছে।”

তবে নিজের পছন্দের কথা বললেও ছবিটি নিয়ে যথেষ্ট সতর্ক থাকার বার্তা দিয়েছেন হানি সিং। তাঁর আশা, সিনেমাটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে এবং কোনও ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে না। কারণ, ছোটবেলা থেকেই রামায়ণ এবং রামলীলার সঙ্গে মানুষের গভীর আবেগ জড়িয়ে রয়েছে বলে মনে করেন তিনি। হানি সিংয়ের কথায়, “আমি আশা করি সিনেমাটি খুব ভালো হবে এবং কোনও ধর্মের অনুভূতিতে আঘাত করবে না। আমরা ছোটবেলা থেকে যেভাবে রামায়ণ দেখে এসেছি, দিল্লি ও কারমপুরায় যেভাবে রামলীলা দেখেছি আমাদের কাছে যেটা এতটা পবিত্র ছিল ছবিটিও যেন তেমনই থাকে। অতিরঞ্জিত যেন না করা হয়। কারণ রামায়ণের সঙ্গে আমাদের ছোটবেলার আবেগ জড়িত।”
‘রামায়ণ’-এ রণবীর কাপুর রামের চরিত্রে এবং যশ রাবণের ভূমিকায় অভিনয় করছেন। ছবির প্রতিটি চরিত্রের লুক নিয়ে যখন দর্শকের মধ্যে কৌতূহল তুঙ্গে, ঠিক তখনই হানি সিংয়ের মন্তব্য নতুন করে রাম-রাবণের লুক নিয়ে সোশ্যাল মিডিয়ার আলোচনাকে আরও উসকে দিয়েছে।
