Entertainment

1 hour ago

Music Icon: কিংবদন্তি ডলি পার্টনের প্রয়াণ, সঙ্গীতজগতে অপূরণীয় শূন্যতা

Legendary musician and philanthropist Dolly Parton
Legendary musician and philanthropist Dolly Parton

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রয়াত কিংবদন্তি মার্কিন কান্ট্রি সঙ্গীতশিল্পী ডলি পার্টন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন বিশ্বখ্যাত এই গায়িকা। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত ও বিনোদন জগতে। মাত্র ছয় বছর বয়সেই গান লেখার হাতেখড়ি ডলি পার্টনের। নিজের রেশমি চুলের পুতুলকে ঘিরেই লেখা তাঁর প্রথম গান। ছোট বয়সেই তিনি বুঝেছিলেন, গানই তাঁর অনুভূতি প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। সেই পথ ধরেই পরবর্তী ছয় দশক ধরে গায়িকা, গীতিকার ও অভিনেত্রী হিসেবে বিশ্বজুড়ে নিজের আলাদা পরিচয় তৈরি করেন তিনি। 

১৯৪৬ সালের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের এক দরিদ্র পরিবারে জন্ম ডলির। ১২ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। অভাবের সংসার থেকে উঠে এসে কিশোরী বয়সেই শুরু করেন সঙ্গীতচর্চা। মাত্র ২১ বছর বয়সে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘Hello, I’m Dolly’। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘Jolene’, ‘I Will Always Love You’ এবং ‘Coat of Many Colors’-এর মতো একাধিক গান তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। তাঁর গান প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। দীর্ঘ সঙ্গীতজীবনে তাঁর রেকর্ড বিক্রি হয়েছে ১০ কোটিরও বেশি। পেয়েছেন ১০টি গ্র্যামি পুরস্কার এবং মোট ৫৫ বার গ্র্যামির জন্য মনোনীত হয়েছেন।


শুধু গান নয়, অভিনয় জগতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন ডলি পার্টন। ‘The Best Little Whorehouse in Texas’-সহ একাধিক ছবিতে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। গায়িকা ও অভিনেত্রী হিসেবে তাঁর বহুমুখী প্রতিভাই তাঁকে করে তুলেছিল বিশ্ব সংস্কৃতির এক অনন্য আইকন। ডলির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তাঁকে সর্বকালের অন্যতম সেরা কান্ট্রি সঙ্গীতশিল্পী হিসেবে উল্লেখ করে শোকবার্তা দেন তিনি। ডলির মৃত্যু লক্ষ লক্ষ মানুষের কাছে অপূরণীয় ক্ষতি বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে হলিউড চেম্বার অব কমার্সের তরফেও প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হলিউড ওয়াক অব ফেমে ফুল দিয়ে তাঁকে সম্মান জানানো হবে। জুলিয়া রবার্টস-সহ হলিউড ও মার্কিন বিনোদন দুনিয়ার বহু তারকাও ডলি পার্টনের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। ডলি পার্টন আর নেই, কিন্তু তাঁর সৃষ্টি থেকে যাবে। তাঁর কণ্ঠ, গান এবং গল্প বলার অনন্য ক্ষমতা তাঁকে সঙ্গীতের ইতিহাসে চিরস্থায়ী করে রাখবে। তাঁর গানই আগামী প্রজন্মের শ্রোতাদের কাছে বারবার ফিরিয়ে আনবে কিংবদন্তি এই শিল্পীকে। 

You might also like!