
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের ভুয়ো মৃত্যুসংবাদ। বিষয়টি তাঁর নজরে আসতেই নিজেই প্রতিক্রিয়া জানালেন অভিনেতা। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ রয়েছেন। ভুয়ো খবর নিয়ে খানিকটা রসিকতার সুরেই বিপ্লব বলেন, “অনেক খারাপ চরিত্রে অভিনয় করেছি। কিন্তু রাজনৈতিক নেতাদের মতো খারাপ নই।”
সোশাল মিডিয়ার দুনিয়ায় যে কোনও তথ্য ছড়িয়ে পড়তে মাত্র কয়েক মুহূর্ত লাগে। কেউ কিছু কানাঘুষো টের পেলে যাচাই না করেই তা নিয়ে সোশাল মিডিয়ায় মুখ খোলেন। তাকে দেখে আরও পাঁচজন তা শেয়ার করেন। ফলে দেখা যায়, ভুল তথ্য পৌঁছে যায় হাজার হাজার মানুষের কাছে। ঠিক তেমনটাই হয়েছে বিপ্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। সম্প্রতি কেউ তাঁর একটি ছবি পোস্ট করেন। যার নিচে লেখা ছিল প্রয়াত। স্বাভাবিকভাবেই অনুরাগীরা তা দেখে দুঃখ প্রকাশ করেন। বিষয়টা নজরে পড়তে প্রথমে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্সের তরফে মঙ্গলবার সন্ধ্যায় জানানো হয়, বিপ্লব চট্টোপাধ্যায় সুস্থ আছেন। তাঁর মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়ো।

এরপর অভিনেতা নিজেই ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেন, “একটা খবর ছড়িয়ে পড়েছে, আমি নাকি মারা গিয়েছি। মারা তো যাবই। তবে ঈশ্বর যতদিন রেখেছেন, ততদিন থাকি। যে বা যিনি এই কাজ করেছেন, তিনি এটা বন্ধ করুন। চট করে সবাইকে মৃত বলে দেবেন না। শুধু আমার নয়, কারও সম্পর্কে এমনটা বলবেন না। বলার আগে একটু ভাববেন।” এই আচরণকে ‘শিক্ষার অভাব’ বলেই তোপ দাগেন তিনি। এরপর খানিকটা রসিকতা করেই বলেন, “আমাকে অনেক বদমায়েশের চরিত্রে অভিনয় করতে দেখেছেন। অনেকেই আমাকে খারাপ লোক হিসেবে চেনে। তবে আমি রাজনৈতিক নেতাদের থেকে খারাপ নই।”
