
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনকে ঘিরে এবার ফের সরব হলেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির খবরে উদ্বেগ প্রকাশ করে তিনি সরকারের কাছে দ্রুত আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি পাপারাজ্জিদের সঙ্গে কথা বলতে গিয়ে রাখি বলেন, ‘সোনমজি, অনশন ভেঙে খান, সুস্থ থাকুন এবং লড়াই চালিয়ে যান। আপনি যদি জীবন উৎসর্গ করেন, পরে সবাই শুধু মোমবাতি মিছিলই করবে।’ অভিনেত্রীর মতে, দেশের স্বার্থে ওয়াংচুকের সুস্থ থাকা সবচেয়ে জরুরি।
শুধু তাই নয়, আরও একটি ভিডিয়োতে রাখিকে বলতে শোনা যায়, ‘আমরা দিল্লিতে যাব, প্রয়োজনে আমরাও অনশন করব। সরকারের কাছে আবেদন, সোনমজির অনশন দ্রুত ভাঙানোর উদ্যোগ নিন।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই না সোনমজি শহিদ হন। তিনি দেশের মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ কাজ করছেন। তাই সরকারের কাছে হাতজোড় করে আবেদন, দয়া করে তাঁর কথা শুনুন।’ এই প্রসঙ্গে অভিনেতা আমির খানকেও একহাত নেন রাখি সাওয়ান্ত। তাঁর অভিযোগ, ‘আমিরজি, আপনার মন্তব্যে আমরা অত্যন্ত হতাশ। আপনি দাবি করেছেন, ‘থ্রি ইডিয়টস’ সোনমজিকে নিয়ে তৈরি হয়নি। অথচ ছবিটি সুপারহিট হয়েছে, বিপুল সাফল্য ও অর্থও এসেছে। কিন্তু এখন মনে হচ্ছে, আপনি সোনমজিকেই ভুলে গিয়েছেন।’

এর আগেও সংবাদমাধ্যমের সামনে আবেগঘন আবেদন জানিয়ে রাখি বলেছিলেন, ‘সোনমজি, আপনাকে হাতজোড় করে অনুরোধ করছি। আমি যন্তর মন্তরে এসে আপনার সঙ্গে দেখা করতে চাই। দয়া করে অন্যদের জন্য নিজের জীবন উৎসর্গ করবেন না। আপনি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।’ তিনি আরও জানান, সুযোগ পেলে তিনি যন্তর মন্তরে গিয়ে ব্যক্তিগতভাবে ওয়াংচুককে অনশন ভাঙানোর চেষ্টা করবেন। যদিও এখনও যন্তর মন্তরে পৌঁছাতে পারেননি রাখি সাওয়ান্ত। এদিকে রবিবার যন্তর মন্তরে গিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান শাবানা আজমি ও প্রকাশ রাজ। পরে তাঁদের সঙ্গে যোগ দেন পুনম পান্ডেও। এর আগে সোনি রাজদান, জিনাত আমান, অভয় দেওল, সোনাক্ষী সিনহা, ওমি বৈদ্য, ইমরান খান, নাসিরুদ্দিন শাহ এবং রত্না পাঠক শাহ-সহ একাধিক বলিউড তারকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
