
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিয়ের মাত্র এক সপ্তাহের মধ্যেই নতুন জীবন উদ্যাপনে বিদেশে পাড়ি দিলেন আমির খান ও তাঁর স্ত্রী গৌরী স্প্র্যাট। ৫ জুলাই মুম্বইয়ে ঘনিষ্ঠ পরিসরে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর এবার অস্ট্রেলিয়ায় মধুচন্দ্রিমা কাটাচ্ছেন নবদম্পতি। তবে এই সফর শুধু ব্যক্তিগত নয়, এর সঙ্গে জুড়ে রয়েছে অভিনেতার পেশাগত ব্যস্ততাও।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অস্ট্রেলিয়া সফরে আমির ও গৌরীর সঙ্গে রয়েছেন আমির ও কিরণ রাওয়ের ছেলে আজাদ খান এবং গৌরীর প্রথম পক্ষের ছেলে ক্যুইন স্প্র্যাট। দুই পরিবারের সদস্যদের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতেই এই পারিবারিক সফরের পরিকল্পনা করা হয়েছে বলে জানা যাচ্ছে। মধুচন্দ্রিমার পাশাপাশি মেলবোর্নে অনুষ্ঠিত প্রথম ভারতীয় চলচ্চিত্র উৎসবেও যোগ দেওয়ার কথা রয়েছে আমিরের। ফলে ব্যক্তিগত সময় ও কাজ—দুই-ই সমান গুরুত্ব দিয়ে সামলাচ্ছেন অভিনেতা।

এদিকে নতুন সংসার শুরু করলেও প্রাক্তন স্ত্রী কিরণ রাও ও ছেলে আজাদের কাছাকাছিই থাকার সিদ্ধান্ত নিয়েছেন আমির। সেই কারণেই পালি হিলের বাড়ি ছেড়ে মুম্বইয়ের মারিনা এলাকায় নতুন আবাসনে উঠবেন তিনি। জানা গিয়েছে, সেখানে একাধিক ফ্ল্যাট কিনেছেন অভিনেতা। একটি থাকবে তাঁর ও গৌরীর জন্য, অন্যগুলিতে থাকবেন কিরণ রাও, ছেলে আজাদ এবং আমিরের পরিবারের অন্যান্য সদস্যরা। তবে ব্যক্তিগত জীবনের সুখবরের মাঝেই বিতর্কেও জড়িয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। তৃতীয় বিয়ের পর বিহারের ফোরবেসগঞ্জে বজরং দলের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। ‘লাভ জেহাদ’-এর অভিযোগ তুলে অভিনেতার কুশপুতুল দাহ করা হয় এবং তাঁর বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত আমির খানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।
