
রাঁচি, ২৮ ফেব্রুয়ারি : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার রাঁচিতে ঝাড়খণ্ড কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন। রাষ্ট্রপতি ভারতীয় সংস্কৃতি, বিশেষ করে আদিবাসী সমাজের সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারের জন্য ঝাড়খণ্ড কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন, পিছিয়ে পড়া অথবা বঞ্চিত অংশের মানুষজন সর্বদা যেন তাঁদের কাজ থেকে উপকৃত হন। রাষ্ট্রপতি এদিন বলেছেন, "ঝাড়খণ্ড কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে সুবর্ণরেখা নদী বয়ে গিয়েছে। কথিত আছে সুবর্ণরেখা নদীর জল পান করলেই জ্ঞান লাভ হয়। এমন ভূমি ও নদীর সান্নিধ্যে শিক্ষা লাভ করা আপনাদের জন্য সৌভাগ্যের বিষয়। স্বর্ণপদক জয়ী মেয়েদের আমি বিশেষভাবে অভিনন্দন জানাই। প্রতিটি বাধা-বিপত্তি অতিক্রম করে আপনারা যে সাফল্য অর্জন করেছেন, তা আমাদের সমাজের জন্য এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখে এমন প্রতিটি মেয়েদের জন্য অনুপ্রেরণা।" রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও বলেছেন, "আপনারা প্রতিজ্ঞা করুন, আপনারা যেখানেই কাজ করবেন, একটি সমৃদ্ধ ও উন্নত ভারত গড়তে কাজ করবেন আপনারা, এমন একটি সমাজ গড়তে কাজ করবেন যেখানে সম্প্রীতি থাকবে এবং যেখানে প্রতিটি মানুষের জীবন মর্যাদাপূর্ণ হবে।"
