
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১২ জুন: তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাইবাড়ি এলাকার সর্দুকরকরি গ্ৰামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে বছর ৫০-এর জনৈক মহিলার। নিহত মহিলাকে জনৈক ভারত দেববর্মার স্ত্রী পূর্ণবালা দেববর্মা বলে পরিচয় পাওয়া গেছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে অনবধানবশত বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে যান পূর্ণবালা দেববর্মা। বিদ্যুতের ছোবলে গুরুতরভাবে আহত হন তিনি। তড়িঘড়ি পরিবারের লোকজন তাঁকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত ডাক্তার পূর্ণবালাকে মৃত বলে ঘোষণ করেন। ডাক্তারের মতে, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্য়ুবরণ করেছেন পূর্ণবালা দেববর্মা।
খবর যায় এলাকার থানায়। থানা থেকে পুলিশের দল গিয়ে প্রাথমিক এনকুয়েস্ট করে মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। আজ বুধবার সকালে ময়না তদন্ত শেষে পূর্ণবালার মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
