
নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : উত্তর ভারত থেকে শীঘ্রই বিদায় নেবে শীত। অনেক রাজ্যে ক্রমাগত তাপমাত্রার পারদ চড়ছে। জাতীয় রাজধানী দিল্লি এবং এনসিআরেও শীত বিদায় নিতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে পার্বত্য রাজ্যে তুষারপাত অব্যাহত থাকবে। রবিবার আবহাওয়া দফতর সূত্রে এখবর পাওয়া গিয়েছে।
এবিষয়ে দফতরে এক আধিকারিক বলেন, অনেক রাজ্যের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। হিমালয় অঞ্চলে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালোচিস্তান, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের কিছু অংশে হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে।
এছাড়াও পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, অসম এবং মিজোরাম এখনও কুয়াশা থেকে মুক্তি দেখতে পায়নি। উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরায় ঘন কুয়াশা যাত্রীদের অসুবিধা বাড়িয়ে দিতে পারে। রবিবার, সর্বোচ্চ তাপমাত্রা ২৫ এবং সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
